নদীতে যুবকের ইট বাঁধা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিনের মাথায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর গ্রামের রিপন মিয়ার (২০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গ্রামের সাদীখাল নদী থেকে রিপনের শরীরে ইট বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রিপনকে হত্যা করে লাশ গুম করতেই ইট বেঁধে লাশ নদীতে ফেলা হয়। এ ঘটনায় দুপুরের দিকে সাদীপুর গ্রামের পশ্চিমহাটি মহল্লা থেকে পুতুল দাশ, তাঁর স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাদীপুর গ্রামের শাকির আলীর ছেলে রিপন মিয়াকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছিল না। রিপনের পরিবারের পক্ষ থেকে গত শনিবার এ ব্যাপারে পুলিশকে জানানো হয়। আজ সোমবার সকালের দিকে সাদীখালে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। শরীরে ইট বাঁধা অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা রিপনের লাশ বলে শনাক্ত করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী আজ বিকেলে বলেন, রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিপনের পরিবারের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, বন্ধুর বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটিসহ তাঁর বাবা ও মাকে আটক করেছে।