নদীপথে চাঁদাবাজির শিকার শ্রমিকেরা
বোরো ধান কাটতে নৌপথে কিশোরগঞ্জের হাওরে যাওয়ার পথে ধান কাটা শ্রমিকেরা চাঁদাবাজির শিকার হচ্ছেন। নিকলী উপজেলার ঘোড়াউত্রা ও ধনু নদে এ চাঁদাবাজি করা হচ্ছে। একই অভিযোগ পাথর বহনকারী নৌকার শ্রমিকদেরও।
কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ইঞ্জিনচালিত নৌকায় করে হাওরে যাওয়ার সময় ও ধানবোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার সময় তাঁদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। চাঁদা না দিলে নৌকা আটক করে রাখা হয়। পাথরবোঝাই নৌকার শ্রমিকদের বেলায়ও একই অবস্থা। মিঠামইন নৌফাঁড়ির পুলিশ ও নৌ-মালিক সমিতির নামে এ চাঁদাবাজি করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জের কয়েকটি নৌকার সর্দার জানান, নৌকা থেকে শ্রমিকদের নামিয়ে জনপ্রতি ১০ টাকা করে আদায় করাসহ নৌকাপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ বছর হরতাল-অবরোধের কারণে শ্রমিকেরা ট্রেন বা বাসে আসতে পারেননি। তাঁরা বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কিশোরগঞ্জের হাওরে ধান কাটতে যাচ্ছেন। প্রতিবছরের মতো এবারও পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর থেকে এসব শ্রমিক নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা উপজেলাসহ বিভিন্ন হাওরের ধান কাটতে আসা শুরু করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পাথরবোঝাই নৌকার মাঝি সিলেটের ছাতক এলাকার এ ব্যক্তি জানান, ছাতক থেকে পাথর ও বালুবোঝাই করে নৌপথে নারায়ণগঞ্জের পাগলা পৌঁছাতে ১০টি স্থানে পুলিশকে প্রতি নৌকায় আসা-যাওয়ার সময় ২০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। কিন্তু নিকলীর ধনু ও ঘোড়াউত্রা নদীতে মিঠামইন নৌফাঁড়ির পুলিশ ও নৌ-মালিক সমিতির নামে এ চাঁদাবাজি হচ্ছে। পুলিশ ও চাঁদাবাজেরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এসে নদীর পাড়ে অপেক্ষায় থাকে। নদী দিয়ে পাথর, বালু ও ধানবোঝাই নৌকা যেতে দেখলেই পুলিশ ও চাঁদাবাজেরা এসব নৌকার গতিরোধ করে চাঁদা আদায় করে।
মিঠামইন নৌফাঁড়ির দায়িত্বে থাকা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া বলেন, ‘আমি কয়েক দিন আগে এখানে যোগদান করেছি। নদীতে পুলিশের চাঁদাবাজির বিষয় আমার জানা নেই। আমি নিজে নদীতে গিয়ে বিষয়টি দেখব। দয়া করে এখন নিউজ করবেন না।’
নৌ-মালিক সমিতির দায়িত্বে থাকা নিকলীর সিংপুর গ্রামের মোহাম্মদ আলী জানান, ঢাকা নৌ ও জাহাজ সমিতি করিমগঞ্জের চামড়াঘাট থেকে নিকলীর সিংপুর ইউনিয়নের ঘোড়াদিয়া পর্যন্ত মার্কা দেওয়ার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নৌকাপ্রতি ১০ টাকার বেশি নেন না। নৌকাপ্রতি ২০০ টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, মিঠামইন নৌফাঁড়ির পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তিনি পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।