নদীপাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ইটভাটাগুলোতে ব্যবহারের জন্য নদীর তীর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। অপরিকল্পিতভাবে মাটি কেটে নেওয়ার কারণে নদীর পারের মানুষেরা ভাঙনের আশঙ্কা করছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শরীয়তপুর জেলায় তালিকাভুক্ত ৪০টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে বছরে সাত মাস ইট উৎপাদন করা হয়। একেকটি ইটভাটায় ৭ মাসে ৪০ লাখ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করা হয়। প্রতিটি ইটভাটায় ইট প্রস্তুত করতে নদীর তীরের মাটি ব্যবহার করা হয়।
শরীয়তপুরের ইটভাটাগুলোতে কীর্তিনাশা ও পদ্মা নদীর তীর কেটে মাটি নেওয়া হয়। নদীর তীরের জমির মালিকেরা ইটভাটার মালিকদের কাছে জমি ভাড়া দেন। জমি ভাড়া নিয়ে সেখান থেকে মাটি উত্তোলন করে ইট প্রস্তুত করা হয়। শরীয়তপুরের সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার প্রায় ২০টি স্থান থেকে ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে।
সদর উপজেলার দাদপুর গ্রামের দেলোয়ার হোসেন মোড়ল তার কীর্তিনাশা নদীর তীরের ৩০ শতাংশ জমি ভাড়া দিয়েছেন। প্রতি শতাংশ জমি ৬ হাজার টাকা করে ৮ থেকে ১০ ফুট গভীর করে মাটি কেটে নেওয়ার জন্য ওই জমি ভাড়া নেন স্থানীয় এলআরবি ইটভাটার মালিক রিটন সাহা। তিনি এস্কাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে ১০ ফুট গভীর করে নদীর তীরের মাটি কেটে ট্রাকে ভরে নিচ্ছেন।
দেলোয়ার হোসেন মোড়ল বলেন, ‘নদীর তীরের জমি সব সময় ভাঙনের আশঙ্কা থাকে। তাই কিছু টাকা পাওয়ার আশায় জমির মাটি বিক্রি করেছি। আগামী দুই বছরের বর্ষায় পলি পড়ে ওই স্থান পুনরায় ভরে যাবে।’
রিটন সাহা বলেন, ‘আমাদের ইটভাটায় অনেক মাটির প্রয়োজন হয়। বিভিন্ন স্থান থেকে মাটি কিনে ইট প্রস্তুত করতে হচ্ছে। মাটি কাটার কারণে পরিবেশের ক্ষতি হলে আমরা অবশ্যই তা বিবেচনা করব।’
নড়িয়া উপজেলার চান্দনি গ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, অপরিকল্পিতভাবে নদীর তীর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। গভীর করে নদীর তীর থেকে মাটি কাটার কারণে ভাঙনের হুমকি থাকে। ওই জমির সঙ্গে আশপাশের জমি ও স্থাপনা ভাঙনের হুমকিতে পড়ে।
শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, জেলায় এ বছরে ৪০টি ইটভাটা চালু আছে। মাটি ছাড়া ইট উৎপাদন সম্ভব নয়। ভাটার মালিকেরা ব্যবসা ঠিক রাখার জন্য বিভিন্ন স্থান থেকে মাটি কিনে থাকেন। অনেকে কম পয়সায় মাটি পাওয়ার জন্য নদীর তীরের মাটি কেনেন। মাটি কাটার কারণে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, তা খেয়াল রাখতে ইটভাটার মালিকদের বলা হয়েছে।
শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ওই স্থানগুলোতে ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ার পাঠিয়ে জমি পরিমাপ করে দেখা হবে নদীর কত কাছে থেকে তাঁরা মাটি কাটছেন। পরিবেশের ক্ষতি হলে মাটি কাটা বন্ধ করে দেওয়া হবে।