নদীর চরে নরসুন্দরের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে নিহত বিপ্লব শীল। ছবি: প্রথম আলো
বগুড়ার ধুনটে নিহত বিপ্লব শীল। ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নদীর চর থেকে বিপ্লব শীল (২০) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তারা।
নিহত বিপ্লব শীলের বাড়ি এলাঙ্গীপাড়ায়। তাঁর বাবার নাম দিপু শীল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব শীল এলাঙ্গী বাজারে নরসুন্দরের কাজ করতেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। আজ শনিবার সকাল সাতটার দিকে বিপ্লব শীলের বাবা দিপু শীল বাড়ির সামনে নদীর চরে ঘাস কাটতে গিয়ে তাঁর ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন লাশ নিয়ে বাড়িতে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহত বিপ্লব শীলের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, বিপ্লব শীলের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ কারণে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বেলা ১১টার দিকে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ব্যক্তির বাবা দিপু শীল বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তাই আমার ছেলে কীভাবে মারা গেল, তা এ মুহূর্তে আমি বলতে পারছি না।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত বিপ্লব শীলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।