নদীর জায়গায় স্থাপনা, ১০ লাখ টাকা জরিমানা
যশোরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদীর অংশ দখল করে স্থাপনা নির্মাণের অপরাধে আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার পরিবেশ অধিদপ্তর ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীর এ জরিমানা করেন। জরিমানার দুই লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় হয়। বাকি টাকা ১৫ দিনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে নির্মিত ৩০০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া কংক্রিটের স্থাপনা উচ্ছেদের জন্য যশোর জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে বুলডোজার দিয়ে ওই স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুজন সচিব, যশোরের জেলা প্রশাসকসহ ১১ জনকে আসামি করে ঢাকার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়। ওই পিটিশনে মুক্তেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদে ‘প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার কারণ’ ও ‘কেন জবরদখল করে নদীর জায়গায় বালু ভরাট কার্যক্রম বন্ধ করা হবে না’ জানতে চায় বাদীপক্ষ।
এরপর পরিবেশ অধিদপ্তর থেকে ২ ডিসেম্বর নোটিশ দিয়ে দখলদার আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষকে অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় হাজির হতে বলা হয়। ৭ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিসার আলী রেজা মুন্সীসহ দুজন প্রতিনিধি উপস্থিত হন। দীর্ঘ শুনানি শেষে তাঁদের ক্ষতিপূরণ বাবদ ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীর জানান, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) ও জলাধার সংরক্ষণ আইন-২০০০-এ জরিমানা করা হয়েছে।
‘দখলে অবরুদ্ধ মুক্তেশ্বরী নদী’ শিরোনামে গত ২৭ আগস্ট ও ‘যশোরে মুক্তেশ্বরী নদীর স্থাপনা আংশিক উচ্ছেদ’ শিরোনামে ৪ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের পুলেরহাট এলাকার সেতুর দক্ষিণ-পূর্ব কোণ ঘেঁষে নদীর অংশে রড, বালু ও সিমেন্টের দেয়াল তোলা হয়েছে। এটি নির্মাণ করা হচ্ছিল আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন পরিচালিত সখিনা মেডিকেল কলেজ ভবনে যাতায়াতের জন্য।