নদীর তীর ভরাট করে বাণিজ্যিক পার্ক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বরফকল এলাকায় নদী দখল করে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক নামের একটি বাণিজ্যিক পার্ক নির্মাণ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করে এটি নির্মাণ করার অভিযোগ করে আসছেন পরিবেশবাদীরা। আজ বৃহস্পতিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ‘ইকোপার্ক’ হিসেবে এর উদ্বোধন করবেন।

জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এ বি সিদ্দিক প্রথম আলোকে বলেন, পরিবেশ আইন, জলাধার আইন ও ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের চারটি নদী বাঁচাতে ১২ দফা নির্দেশনা—এগুলো লঙ্ঘন করে পার্কের জন্য নদীতীর ইজারা দেওয়া হয়েছে। এসব আইন ও নির্দেশনা অনুযায়ী নদীতীরের ভূমিতে কোনোভাবেই এমন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, যাতে মূলঅবয়ব নষ্ট হয়। কেউ নদীতীর দখল করে কোনো স্থাপনা নির্মাণ করলে বিআইডব্লিউটিএ তা উচ্ছেদ করে হাইকোর্টকে জানাবে। কিন্তু এখানে নদী ভরাট করে একেবারেই ছোট করে ফেলা হয়েছে। এর আগে তাঁদের পক্ষ থেকে এর প্রতিবাদ করার পর বেশ কিছুদিন পার্ক নির্মাণের কাজ বন্ধ ছিল। এখন পার্ককে বৈধতা দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ এটিকে ইকোপার্ক নামে অভিহিত করছে। ইকোপার্ক মানে হচ্ছে পরিবেশ-সহায়ক গাছাপালার পার্ক। কিন্তু এটি ইকোপার্ক নয়। এটি বাণিজ্যিক পার্ক। বিআইডব্লিউটিএ নিজেই যদি আইন লঙ্ঘন করে, হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করে, তাহলে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

পরিবেশবাদী এই নেতাদের সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, নদীর সীমানা পিলারের পর হাঁটার পথ নির্মাণ করবে বিআইডব্লিউটিএ। এরপর থাকবে নদীর তীর। কিন্তু শীতলক্ষ্যা নদীর বরফকল এলাকার ৩৩৭ নম্বর সীমানা পিলারের পর নদীর ভেতরের প্রায় দুই একর জায়গা মাটি দিয়ে ভরাট করে ২০১৪ সালে নির্মাণ করা হয় চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক। বিআইডব্লিউটিএ ২০১০ সালে নদীর কুমুদিনী এলাকা খনন করে মাটি এনে এ সীমানা পিলারের পর নদীর তীরের প্রায় দুই একর জায়গা ভরাট করে। হাঁটার কোনো পথ নির্মাণ করা হয়নি। বরং দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয় নদীতীরে শুকনা মৌসুমে চলাচলের মেঠোপথটি। ২০১৪ সালে নদী ও নদীর সীমানা পিলারের পরের নদীর ভেতরের ২ একর ২৩ শতাংশ জায়গা ইজারা দেওয়া হয়। ইজারাদার আবদুস সাত্তার ১ একর ৭৩ শতাংশ জায়গা ভরাট করেন।

ইজারাদার আবদুস সাত্তার বলেন, তিনি নদীতীর ভরাট করেছেন। আর এটি বাণিজ্যিক পার্ক। তাঁর এই পার্কে নয়টি রাইড রয়েছে। পার্কের পাশের নদীতে রয়েছে ওয়াটার বোট। ব্যাংক থেকে ঋণ নিয়ে জায়গা-জমি বিক্রি করে এখানে বিনিয়োগ করেছেন। আজ বিকেলে তাঁর পার্ক উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমার পার্কের নাম চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক। হঠাৎ করেই বিআইডব্লিউটিএ আমাকে বলল এটিকে ইকোপার্ক বলতে। তারা বলছে, ইকোপার্ক না বললে আইনি ঝামেলা আছে। কী ঝামেলা, আমি তো বুঝতে পারছি না।’

চৌরঙ্গী পার্ককে ইকোপার্ক দাবি করে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, শ্যামপুরে যেমন ইকোপার্ক রয়েছে, এটিও তেমনই ইকোপার্ক।

নৌপরিবহনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জাহাঙ্গীর আলম বলেন, ‘নদীর জায়গা দখল করে কোনো পার্ক করার কথা না। আমরা সেখানে গেলে বুঝতে পারব প্রকৃত ঘটনাটি কী।’