নদীর তীরে তামাকের আগ্রাসন
কক্সবাজারের প্রধান দুই নদী ‘বাঁকখালী ও মাতামুহুরী’ নদীর দুই তীরে অন্তত পাঁচ হাজার একরের সরকারি খাস জমিতে আগে শীতকালীন শাকসবজি ও তরকারির চাষ করে জীবিকা নির্বাহ করতেন চার উপজেলার (চকরিয়া, পেকুয়া, রামু ও সদর) অন্তত দুই লাখ মানুষ। এখন ওই জমিতে চলছে তামাকের আগ্রাসন। ফলে ফসল উৎপাদনের জমি হারিয়ে দিশেহারা অন্তত ৫০ হাজার চাষি। চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে নদীর তীর দখল করে বিষাক্ত তামাকের চারা রোপণ শুরু হলেও প্রশাসন নীরব।
গত সেপ্টেম্বর মাসে নদীর তীর দখল করে কতিপয় প্রভাবশালী তামাক চারা সৃজনের বীজতলা তৈরি করেন। এ নিয়ে গত ১০ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলায় ‘বাঁকখালী নদীর তীরে “বিষতলা” শুরু’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রামু উপজেলার বাঁকখালী নদীর কচ্ছপিয়া, অফিসের চর ও ফতেখাঁরকুল গ্রাম ঘুরে দেখা গেছে, নদীর দুই তীরের হাজার একর জমি দখল করে সেখানে তামাকের চারা রোপণ করা হচ্ছে।
স্থানীয় ঈদগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, বর্তমানে রামু উপজেলার গর্জনিয়া, ঈদগড়, কচ্ছপিয়াসহ নয়টি ইউনিয়নের অন্তত পাঁচ হাজার একর জমিতে তামাকের চাষ শুরু হয়েছে। কিন্তু কৃষি বিভাগের নীরব ভূমিকায় চাষিরা হতাশ হচ্ছেন।
অফিসের চর গ্রামের চাষি নবাব মিয়া (৪৮) বলেন, আগে এই নদীর তীরে শীতকালীন শাকসবজির চাষ করে অন্তত ১০ হাজার চাষি জীবিকা নির্বাহ করতেন। এখন ওই জমিতে তামাকের চাষ হওয়ায় কয়েক হাজার চাষি বেকার। বিড়ি-সিগারেট তৈরির দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি নগদ টাকা ও বীজ সরবরাহ করে চাষিদের তামাক চাষে উৎসাহিত করছে। ফলে ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।
একই অবস্থা চকরিয়ার মাতামুহুরী নদীতেও। প্রায় ৬০ কিলোমিটার লম্বা বিশাল এই নদীর দুই তীর দখল করে তিন হাজার একরের বেশি খাস জমিতে তামাকের চারা রোপণ করা হলেও কেউ বাধা দিচ্ছে না।
গতকাল নদীর কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী অংশ ঘুরে দেখা গেছে, কয়েক হাজার একর জমিতে তামাকের চারা রোপণ করা হয়েছে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা’ (উবিনীগ) কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক বলেন, গত বছর চকরিয়া উপজেলায় চার হাজার ৬০০ একর জমিতে তামাকের চাষ হয়েছে। এবার আরও কয়েক হাজার একর বেড়ে যাচ্ছে। তামাক চাষ পরিবেশের জন্য ক্ষতিকারক জেনেও লোকজন টোব্যাকো কোম্পানিগুলোর ঋণের জালে আটকা পড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, তামাক চাষ বন্ধে কৃষকদের সচেতন করা হচ্ছে। কিন্তু তারপরও তামাক চাষ বন্ধ করা যাচ্ছে না। তামাক চাষে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলায় তামাক আগ্রাসনের বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।