
সাতক্ষীরার বেতনা নদী খননের পর মাটি নদীর ভেতরে দুই পাড়ের কাছে ফেলা হচ্ছে। ফলে পাড় দুটি উঁচু হয়ে যাচ্ছে। এতে নদীটি সংকুচিত হয়ে পড়ায় দেখে মনে হবে খাল খননের কাজ চলছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, বেতনা নদী সাতক্ষীরা সদর এবং কলারোয়া ও আশাশুনি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত। এর দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার। ২০০২ সাল থেকে কলারোয়া ও সাতক্ষীরার অংশে পলি পড়ে নদী ভরাট হতে শুরু করে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের ২৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ২০১২ সালের জুলাই মাসে বেতনা নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা এবং এলাকার জলাবদ্ধতা দূর করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় সদর উপজেলার সুপারিঘাটা থেকে ঝাউডাঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার নদী ও নদী অববাহিকার আরও ১১টি সংযোগ খালের ৬ দশমিক ৯ কিলোমিটার খননের জন্য দরপত্রের মাধ্যমে আটটি গ্রুপে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৩ সালের নভেম্বরে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে ২০১৪ সালের ৩ মার্চ থেকে। খননকাজের নকশা অনুযায়ী, মূল নদী স্থানবিশেষে ১০-১৮ ফুট গভীর এবং নদীর নিচে প্রস্থ হবে ২০-৫০ ফুট। নদীর ওপরিভাগের প্রস্থ হবে ১০০-১৫০ ফুট। খনন করা মাটি নদীর মূল অংশ থেকে ১০০-১৫০ ফুট দূরে ফেলতে হবে। কার্যাদেশ অনুযায়ী, আগামী বছরের ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কোথাও নদীর সীমানার বাইরে মাটি ফেলা হয়নি। নদীর সীমানার ভেতরেই মাটি ফেলে পাড় উঁচু করা হয়েছে। এতে করে নদী সংকুচিত হয়ে পড়েছে। মাটিয়াডাঙ্গা গ্রামের সোলেয়মান সানা, সোহরাব হোসেনসহ কয়েকজন বলেন, এলাকায় তিনটি খননযন্ত্র দিয়ে নদীর এক পাশের চরের কিছু মাটি কেটে পাড় উঁচু করা হয়েছে। সুপারিঘাটা থেকে শাল্যে পর্যন্ত নদী নামমাত্র গভীর করা হয়েছে। শাল্যে পাকা রাস্তার মুখ থেকে বিনেরপোতা পর্যন্ত নদী মাত্র দুই-তিন ফুট গভীর করা হয়েছে। ওই মাটি নদীর মধ্যে ফেলে পাড় উঁচু করা হয়েছে। তাঁরা বলেন, নদীর দিকে তাকালে মনে হয় নদী ভরাট খাল নির্মাণ করা হয়েছে।
নাটোরের ঠিকাদার শেখ ইমদাদুল হকের পক্ষে কাজ করছেন সাতক্ষীরার সফিকুল ইসলাম, ঢাকার মেসার্স নিয়াজ ট্রেডার্সের পক্ষে কাজ করছেন সাতক্ষীরায় বি এম আবদুর রাজ্জাক এবং ঢাকার মানিকনগরের মেসার্স তাজুল ইসলামের পক্ষে কাজ করছেন সাতক্ষীরার আবদুর রাজ্জাক। তাঁরা বলেন, পাউবো জরিপ করতে দেরি করায় কার্যাদেশ পাওয়ার চার মাস পরে কাজ শুরু করতে হয়েছে। ফলে তাঁদের কাজ করতে গিয়ে নানা ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।
খনন করার ১০-১৫ দিনের মধ্যে পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। নকশা অনুযায়ী তাঁরা খননকাজ করছেন বলে দাবি করেন। তাঁরা বলেন, নদীর পাড়ে ফেলা মাটি তাঁরা সরিয়ে ফেলবেন। তা না করলে পাউবো তদন্ত করে তাঁদের বিল দেবে। ফলে কাজ কম করলে তাঁরা কম বিল পাবেন।
সাতক্ষীরা নদী বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক আনোয়ার জাহিদ তপন বলেন, খননের নামে বেতনা নদী হত্যা করা হচ্ছে। পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ টাকা গচ্ছা যাচ্ছে। যেভাবে খননকাজ করা হচ্ছে, তাতে নদীর নাব্যতা ফিরে আসবে না। বরং চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরা শহরতিল ও পৌর এলাকার বিরাট অংশ জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নকশা অনুযায়ী কাজ শেষ না করলে বিল দেওয়ার পরিবর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা উচিত।
সাতক্ষীরা পাউবোর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী এস এম শহীদুল্লাহ বলেন, ঠিকাদারেরা মাটি সরিয়ে ফেলবেন। তা না করলে তাঁদের বিল দেওয়া হবে না। নকশা অনুযায়ী কাজ না করলেও বিল দেওয়া হবে না।