নদীর পাড় দখল করে আ.লীগ নেতাদের স্থাপনা

সাতক্ষীরার কালীগঞ্জে যমুনা নদীর পাড় দখল করে ১১টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটি ঘর নির্মাণাধীন। আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা দখল-প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরের ওপর দিয়ে প্রবহমান যমুনা নদী পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদীর দুই পাড়ের অনেক স্থানে জেগে উঠেছে চর। নদীর পূর্ব পাড়ে চরে কালীগঞ্জ থানার সামনে ৩০টি দোকান নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৫টির কাজ শেষ হয়ে গেছে। কয়েকটিতে ব্যবসাও চলছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, কালীগঞ্জের শহীদুল ইসলাম একটি, জনাব আলী দুটি, ফারুক হোসেন দুটি, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল আলম একটি, জামাল উদ্দিন একটি, আবদুর রব একটিসহ ১১টিঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের চারটি ঘর নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা মৎস্য লীগের সভাপতি মোজাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক খান জাহিদুল রহমানসহ কয়েকজন ঘর নির্মাণ করছেন ১৩টি। স্থানীয় রিপোর্টার্স ক্লাবের নামেও দুটি ঘর নির্মাণ করা হচ্ছে।
পাউবোর কালীগঞ্জের শাখা কর্মকর্তা ওবায়দুল হক মল্লিক জানান, যমুনাপাড়ের কালীগঞ্জ থানার সামনে প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট প্রস্থ জায়গা দখল করে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। তাঁরা এ-সংক্রান্ত একটি অভিযোগ গত বছরের ২৪ ডিসেম্বর কালীগঞ্জ থানায় জমা দেন। তিনি অভিযোগ করেন, দখল-প্রক্রিয়ার সঙ্গে কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখের সম্মতি থাকায় তিনি কোনো ব্যবস্থা নেননি। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এস এম আহসান হাবীব ৩০ ডিসেম্বর আবার কালীগঞ্জের সহকারী পুলিশ সুপারকে জানান। এ সময় তিনি কাজ বন্ধ করে দেন।
জমি দখল করে ঘর নির্মাণকারী শহিদুল ইসলাম জানান, কীভাবে ওই জমি ইজারা নেওয়া যায়, সে ব্যাপারে আওয়ামী লীগের দুজন নেতার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। ঘর নির্মাণের কথা অস্বীকার করে মোজাহার হোসেন বলেন, ওই জায়গা স্থানীয় কয়েকজন দখল করেছেন। জামালউদ্দিন ও জনাব আলী বলেন, তাঁরা ঘর নির্মাণ করে চালের ব্যবসা করছেন। কেউ কখনো বাধা দেয়নি।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হাকিম বলেন, তাঁরা চারটি ঘর নির্মাণ করছেন জেলা পরিষদের কাছ থেকে জায়গা ইজারা নিয়ে। বাকি ঘরগুলো এর আগের ওসি এমদাদুল হক শেখ বিভিন্নজনকে দিয়ে বসিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে বর্তমানে সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক বলেন, পাউবোর পক্ষ থেকে তাঁকে লিখিতভাবে জানানোর পর ঘর নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনো এজাহার কিংবা কারও নাম উল্লেখ করে কোনো অভিযোগ পাউবো দেয়নি।
পাউবোর জমি ইজারা না নিয়ে ঘর নির্মাণ করার কথা স্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক খান জাহিদুল রহমান বলেন, এভাবে দখল করে ঘর নির্মাণ করার সময় তিনি আপত্তি করেছিলেন। কিন্তু পাউবো এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই থানার সামনে ফাঁকা জায়গায় তিনি ঘর নির্মাণ করেছেন।
তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা মৎস্য লীগের সভাপতি মোজাহার হোসেনও নদীর পাশে ঘর নির্মাণ করছেন। পাউবো থেকে জায়গাটি ইজারা নেওয়ার চেষ্টাও করছেন তাঁরা।