নদীর পাড়ের মাটি কেটে বিক্রি হচ্ছে ইটভাটায়

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা ও পাতাবুনিয়া নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এ ছাড়া নদীতে জেগে ওঠা চরের বিভিন্ন স্থান থেকে মাটি কেটে একটি চক্র ট্রলারে করে নিয়ে ইটভাটাগুলোতে বিক্রি করছে।
অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অপরাধে ট্রলার আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হলেও মাটি কাটা বন্ধ হচ্ছে না। সুযোগ বুঝে রাতেও মাটি কেটে নিয়ে যাচ্ছে চক্রটি। বিশেষজ্ঞরা মনে করেন, এভাবে মাটি কেটে নেওয়ার ফলে মাটির উর্বরতা কমবে, ফসল উৎপাদনে উপযোগিতা হ্রাস পাবে ও আবাদ অযোগ্য হয়ে পড়বে কৃষিজমি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক অশোক কুমার শর্মা বলেন, ফসল উৎপাদনে মাটিতে যে খাদ্য উপাদান থাকা দরকার তা মাটির উপরিভাগে থাকে। সেই মাটি কেটে নিলে মাটির উর্বরতা কমে যাবে এবং ফসল উৎপাদনে উপযোগিতাও হারাবে। কাজেই এভাবে মাটি কেটে নিলে কৃষি উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী কলসকাঠিসহ আশপাশ এলাকায় অন্তত ৫০টি ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় বছরে কমপক্ষে তিন লাখ ঘনফুট মাটির প্রয়োজন। এই ইটভাটাগুলোতে মাটির চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে এই চরের মাটি দিয়ে। আবার অনেক ইটভাটার মালিক তাঁদের নিজস্ব শ্রমিক ও ট্রলার পাঠিয়ে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
গত ১৮ সেপ্টেম্বর দুমকির পাতাবুনিয়া নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় পুলিশ মাটিবোঝাই ছয়টি ট্রলার জব্দ করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলাল খা (৪৫) ও নাসির গাজী (৪৬) নামের দুই ট্রলারমালিককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মালিক খুঁজে না পাওয়ায় চারটি ট্রলার বাজেয়াপ্ত করা হয়।
সম্প্রতি সরেজমিন দুমকির আঙ্গারিয়া এলাকার পায়রা ও পাতাবুনিয়া মোহনাসংলগ্ন এলাকায় দেখা যায় পাঁচটি ট্রলার নদীর পাড়ে ভেড়ানো। শ্রমিকেরা নদীর পাড় থেকে মাটি কেটে ট্রলার বোঝাই করছেন। মাটি কাটায় নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কমপক্ষে ৫০০ ঘনফুট মাটিতে একটি ট্রলার বোঝাই হয়ে যায়। এতে তাঁরা মজুরি পান ৫০০ টাকা। এ মাটি বিক্রি করা হচ্ছে কলসকাঠি এলাকার ইটভাটাগুলোতে। সেখানে পৌঁছতে ট্রলার ভাড়া ১ হাজার ৫০০ টাকা। আর এক ট্রলার মাটি বিক্রি হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকায়।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ প্রশাসনকে টহলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ তবে মাটি কাটা বন্ধে স্থানীয় লোকজনের সহায়তা পেলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।