নদীর পানিতে কীটনাশক দিয়ে চিংড়ি শিকারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানিতে সিন সাইপার মেথিন গ্রুপ নামের একপ্রকার কীটনাশক প্রয়োগ করে অবাধে চলছে চিংড়ি মাছ শিকার। প্রশাসনিকভাবে আইনের প্রয়োগ না থাকায় এ পদ্ধতিতে মাছ শিকার বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা নদী। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই যমুনা নদীর পানি কমে যায়। এতে নদীর পানিপ্রবাহের গতি কমে যায়। এ সুযোগে একটি চক্র রাতের বেলায় ওই কীটনাশক (একপ্রকার বিষ) খাবারের সঙ্গে মিশিয়ে নদীর পানিতে ঢেলে দেয়। এতে চিংড়ি মাছসহ নানা ধরনের মাছ ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে ভেসে ওঠে। এর মধ্যে চিংড়ি মাছের সংখ্যা বেশি। পরে জাল দিয়ে শিকারিরা চিংড়ি মাছগুলো অবাধে ধরে নিয়ে বাজারে বিক্রি করেন।
যমুনা নদীর তীরে অবস্থিত ভান্ডারবাড়ি গ্রামের রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, শামসুল হক, আবুল কাশেম, আবদুল মজিদসহ ১০-১২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর পানিতে ওই কীটনাশক প্রয়োগে বিভিন্ন প্রজাতির ছোট-বড় লাখ লাখ মাছ আধা মরা অবস্থায় ভেসে ওঠে এবং ছোট-বড় অনেক মাছ মারা যাচ্ছে। এ ছাড়া প্রাকৃতিকভাবে তৈরি হওয়া মাছের খাবার নষ্ট ও মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হুমকির মুখে পড়ছে নদীর পানিতে ভেসে বেড়ানো প্রকৃতির জীববৈচিত্র্য। প্রতিদিনই নদীর কোনো না কোনো অংশে ওই কীটনাশক প্রয়োগে মাছ শিকারের ঘটনা ঘটছে। এসব মাছ শিকারির মধ্যে অধিকাংশই এলাকার বিত্তবান ও প্রভাবশালী। এ কারণে স্থানীয় লোকজন তাঁদের বিরুদ্ধে কোনো কিছু বলার সাহস পাচ্ছেন না। প্রশাসন এ বিষয়ে নজর না দেওয়ায় দিন দিন ওই পন্থায় মাছ শিকার বেড়েই চলেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, কীটনাশক খাবারের সঙ্গে মিশিয়ে যমুনা নদীর পানিতে প্রয়োগ করে মাছ শিকার করার অভিযোগ পাওয়া গেছে। উন্মুক্ত জলাশয়ে এভাবে কীটনাশক দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাঁদের ধরতে কয়েক দফা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে। কিন্তু নদীর বিশাল এলাকা ও রাতের বেলায় মাছ শিকারিরা মাছ শিকার করায় তাঁদের আটক করে আইনি ব্যবস্থা নিতে সমস্যা হলেও চেষ্টা অব্যাহত রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় লোকজনের অভিযোগ সঠিক নয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম বলেন, নদীতে বিষপ্রয়োগে মাছ শিকারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।