নদীর পাড়ের বালু কেটে নিচ্ছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলা সদর এলাকায় ছোট যমুনা নদীর পাড়ের বালু অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে ৭ জানুয়ারি দেখা যায়, বদলগাছি উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের মাত্র দেড় শ গজ দূরে ছোট যমুনার পাড়ের বালু কেটে নিয়ে যাওয়া হচ্ছে। বালু বহনের জন্য পাড়ে দাঁড়িয়ে আছে পাঁচটি ট্রাক্টর। যেখান থেকে বালু কাটা হচ্ছে, সেখান থেকে মাত্র ১০ গজ দূরেই ফসলি জমি।
অথচ ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে সেখান থেকে বালু তোলা যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ছয়জন বাসিন্দা বলেন, প্রায় এক মাস ধরে নদীর উঁচু পাড় থেকে বালু কাটা হচ্ছে। তাঁরা সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুস ছালাম এবং সেনপাড়ার অর্জুন কুমারকে বালু কাটার কাজ তদারক করতে দেখেছেন। এই দুজন নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সাংসদ ছলিমুদ্দিন তরফদারের ঘনিষ্ঠ। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে কেটে নেওয়া বালু ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া।
এভাবে নদীর বালু কেটে নেওয়া চলতে থাকলে বর্ষাকালে নদীর পাড় ভেঙে ফসলি জমি বিলীন হয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, সরকারি দলের লোকজন এ কাজে জড়িত থাকায় স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, নওগাঁ-পত্নীতলা সড়ক প্রশস্ত করার কাজ চলছে। আবদুস ছালাম, অর্জুনসহ কয়েকজন নদীর পাড় থেকে বালু তুলে ওই রাস্তার কাজ পাওয়া ঠিকাদারের কাছে বিক্রি করছেন।
আবদুস ছালাম বলেন, ‘ধামুইরহাটের এক ব্যক্তি বালুমহাল ইজারা নিয়েছিলেন। আমরা তাঁর কাছ থেকে বালু নিয়ে নওগাঁ-পত্নীতলা সড়ক প্রশস্তকরণ কাজের ঠিকাদারকে দিচ্ছি।’ শ্রী অর্জুন বলেন, ‘আমি একা এ কাজ করছি না। আমাদের সঙ্গে অনেকেই জড়িত আছেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বলেন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস ছালাম এখন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এলাকার সাংসদ ছলিমুদ্দিন তরফদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। নদীর বালু কাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত গত বৃহস্পতিবার বলেন, তিনি ঘটনাটি জানার পর সেখানে ভূমি কার্যালয়ের লোক পাঠিয়ে বালু কাটা বন্ধ করতে বলেছেন। এ ঘটনার পর আবদুস ছালাম ও অর্জুন তাঁর কার্যালয়ে এসেছিলেন। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।