নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বালু ফেলে কয়েকটি নদী ভরাট ও নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে নদীতে বোরো ধান আবাদ করা ভূমিহীন কৃষকেরা বিপাকে পড়েছেন। এর প্রতিবাদে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগও দিয়েছেন। এরপরও অবাধে চলছে নদী থেকে পাথর উত্তোলন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছরের শুরুতে কিছু অসাধু পাথর ব্যবসায়ী নদী দখল করে পাথর উত্তোলনের পথ বেছে নেন। তাঁরা জেলার ওপর দিয়ে প্রবাহিত করতোয়া, ডাহুক ও তালমা নদীসহ কয়েকটি নদীতে বালু ফেলে ভরাট ও নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন করছেন। তবে অনেকে নদীর পাশের জমি পাথর এলাকা হিসেবে নির্বাচন করে ওই জমির পাশাপাশি নদী থেকেও পাথর উত্তোলন করছেন।
সম্প্রতি সদরের অমরখানা ইউনিয়নের ধনদেবপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, তালমা নদীর পাড়সংলগ্ন পাঁচটি এলাকা থেকে মাটি খনন করে পাথর উত্তোলন করা হচ্ছে। ওই পাঁচটি এলাকা থেকে হাসান আলী, হাফিজুল ইসলাম, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম ও শুক্কুর আলী পাথর তুলছেন। তাঁরা বলেন, তাঁরা নিজের জমি থেকে পাথর তুলছেন। নদীতে শুধু পানি ফেলা হচ্ছে। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওই ব্যক্তিরা জমির পাশাপাশি নদী থেকেও পাথর উত্তোলন করছেন। ওই ব্যবসায়ীরা মাটি ও বালু দিয়ে নদী ভরাট করছেন। এতে নদীর প্রবাহ বন্ধ হওয়ায় কোথাও কোথাও পানি জমে আছে। এতে বিপাকে পড়েছেন সদর উপজেলার অমরখানা ও হাফিজাবাদ ইউনিয়নের ধনদেবপাড়া, থুকরিপাড়া, টোকাপাড়া গ্রামের কয়েক শ কৃষক। যুগ যুগ ধরে বোরো মৌসুমে তাঁরা নদীতে ধান আবাদ করছেন। কিন্তু এবার নদীতে বালু ফেলে ভরাট করায় তাঁদের ধান আবাদ বন্ধ হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভূমিহীন কৃষকেরা।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ও এলাকার লোকজন জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করেছেন। এরপরও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায় তাঁরা হতাশ।
ধনদেবপাড়ার কৃষক খাদেমুল ইসলাম (৪৫) বলেন, ‘এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করছি। আমাদের ফসলি জমি ভেঙে নদী হয়েছে। এখন আমাদের জমি-জায়গা নেই। প্রতিবছর নদীতে ধান আবাদ করেই আমাদের পুরো বছরের খাবারের জোগান হয়। কিন্তু এবার খাওয়ার ধান কোথায় পাব?’
বৃদ্ধ হাজেরা বেগম (৬০) বলেন, ‘তালমা নদীতে এক বিঘা জমি ছিল। তাও পাথরের ব্যবসায়ীরা খেয়ে নিল।’ বলতে বলতে তাঁর চোখ বেয়ে পানি ঝরছিল। ছয় সদস্যের সংসারে এবার খাওয়ার চালের জোগান কীভাবে হবে, তা নিয়ে বেশ চিন্তিত এই বৃদ্ধা।
জেলা পরিবেশ পরিষদের সভাপতি তৌহিদুল বারী বলেন, এভাবে নদী ভরাট করে পাথর উত্তোলন করায় একদিকে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘পঞ্চগড়ের মাটিতে প্রচুর পাথর রয়েছে। তাই মাটি খনন করে অনেকেই পাথর উত্তোলন করেন। কিন্তু নদী দখল বা ভরাট করে পাথর উত্তোলন করা বেআইনি। এসব বন্ধ করেছি। এরপরও যাঁরা বেআইনিভাবে পাথর উত্তোলন করবেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’