নদীর বারোটা বাজিয়ে চলছে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশ উপেক্ষা করে নাটোরের নলডাঙ্গায় বারনই নদের দুই তীর দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে বারনই নদ সংকুচিত হয়ে যাচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহ। ক্ষমতাসীন দলের নেতা ও সমর্থকেরা ওই নদ দখল করে স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ড নাটোর কার্যালয় ও নলডাঙ্গা উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে নলডাঙ্গা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত বারনই নদের দুই তীর দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত নদের নলডাঙ্গা-পাটুল সড়কের দুই পাশে প্রায় দেড় শ স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিশেষ করে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন ও পাটুলঘাট এলাকায় নদের তীরের সরকারি জমির ওপর বেশ কিছু পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধ পাকা স্থাপনা নির্মাণের কারণে নদের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত ১৩ এপ্রিল স্থানীয় প্রশাসন নদের তীরের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের কাছে নোটিশ পাঠিয়েছে। কিন্তু নোটিশ আমলে নিচ্ছেন না তাঁরা।
সম্প্রতি সরেজমিন পাটুলঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, পিপরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন এবং আওয়ামী লীগের সমর্থক ও ব্যবসায়ী জয়েন উদ্দিন বারনই নদের ভেতরে আরসিসি খুঁটির ওপর বিপণিবিতান নির্মাণ করছেন। কারণ জানতে চাইলে তাঁরা নিজ জমিতে বিপণিবিতান করার কথা জানান।
ব্যবসায়ী জয়েন উদ্দিন বলেন, ‘ওই জমি আমার কেনা সম্পত্তি। ভাঙনে ওই জমি নদের ভেতর চলে যাওয়ায় দোকানঘর নদের ভেতরে মনে হচ্ছে। আমি কোনো সরকারি জমি দখল করিনি।’ ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেনও সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাগজপত্র অনুযায়ী ওই জমির মালিক আমরা।’ তবে জমির কাগজপত্র চাইলে তা তাঁরা দেখাতে পারেননি।
পানি উন্নয়ন বোর্ডের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার বারনই নদের জমি বেদখল হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘পৈতৃক সম্পত্তি হওয়া সত্ত্বেও কারও সম্পত্তি নদীগর্ভে গেলে তা আর ব্যক্তিমালিকানায় থাকে না। ওই সম্পত্তি সরকারি খাস তফসিলভুক্ত হয়ে যায়। এ সম্পত্তির ক্ষেত্রেও ওই আইন প্রযোজ্য হবে।’
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে নোটিশ করা হয়েছে। দখলদারেরা জমি ছাড়েননি। তবে নতুন করে যাঁরা স্থাপনা নির্মাণ শুরু করেছেন, তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।