নদে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা বাজার এলাকায় বাল্কহেড থেকে ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারের সেতুর নিচ দিয়ে নুর এন্টারপ্রাইজ নামের বালুবাহী একটি বাল্কহেড যাচ্ছিল। তখন ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন ইমরান হোসেন নামের এক শ্রমিক। একপর্যায়ে তিনি নদের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। গতকাল বিকেলে তাঁর লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ইমরান হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকমলকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে।
ঘট্নার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি রিজাউল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।