নদের ওপর ফের সড়ক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
হবিগঞ্জের খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

হবিগঞ্জের খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক নির্মাণের কাজ আবার শুরু করা হয়েছে। এতে নদের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩০ মেগাওয়াটের একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে চীনের গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন। প্রতিষ্ঠানটি তাদের যন্ত্রপাতি নেওয়ার জন্য সম্প্রতি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ সেতুর (ঢাকা-সিলেট মহাসড়কের) নিচ দিয়ে নদের ওপর একটি বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু করে। এতে নদে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গত ২৮ মে প্রথম আলোয় ‘বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিতে খোয়াই নদ ভরাট করে বিকল্প সড়ক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদ ভরাটের কাজ বন্ধ করে দেন। কিছুদিন কাজ বন্ধও থাকে। ৪ জুন থেকে গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন আবারও সড়ক নির্মাণের কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা শমসের আলী বলেন, ভরাট করার কারণে নদে পানির প্রবাহ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টিপাত বা ত্রিপুরায় বৃষ্টিপাত হলে এই নদের পানি বেড়ে এই অঞ্চলে আগাম বন্যা দেখা দেবে।
গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, পানি উন্নয়ন বোর্ড ঢাকা অফিস থেকে তাঁরা অনুমোদন নিয়ে পুনরায় এ কাজ শুরু করেছেন।
জানতে চাইলে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম বলেন, গোয়াং ডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশনকে কাজ করার জন্য পাউবোর মহাপরিচালক অনুমোদন দিয়েছেন।