নদের পাড় দখল করে ঘরবাড়ি

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় মনু নদের পাড় দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। নদীপাড়ের প্রায় আধা কিলোমিটারজুড়ে অর্ধশতাধিক কাচা-পাকা ঘর তৈরি করা হয়েছে। কয়েক বছর ধরে পৌরসভার সৈয়ারপুরের শ্মশানঘাট এলাকায় এভাবে নদীর পাড় দখল করা হচ্ছে।
সরেজমিনে ৪ জানুয়ারি দেখা গেছে, নদীর পাড় ঘেঁষে একটি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। নির্মাণশ্রমিকেরা সেখানে কাজ করছেন। এ স্থাপনা সম্পর্কে শ্রমিকদের কাছে খোঁজখবর নেওয়ার সময় শ্যামলী সূত্রধর (৩০) নামের এক নারী এগিয়ে আসেন। তিনি বলেন, ‘আমি এই পাকা ঘর তুলছি। নদীপাড় যাতে ভাঙতে না পারে সে জন্যই ঘরটা পাকা করে তুলছি।’ তবে তিনি বলেন, এই ঘর তৈরির জন্য কারও অনুমতি নেননি তিনি। কেউ বাধাও দেয়নি। পাশেই একটি ঘরে তিনি পরিবারসহ বসবাস করেন।
নদীপাড়ের একটি পাকা ঘরের সামনে বেঞ্চে বসেছিলেন তাজুল ইসলাম (৭০)। তিনি বলেন, তাঁর বাড়ি নোয়াখালীতে। নদীভাঙনে নিঃস্ব হয়ে দীর্ঘদিন আগে তিনি পরিবারসহ মৌলভীবাজার আসেন। এত দিন অন্যের জায়গায় বসবাস করেছেন। বছর দুয়েক আগে এখানে প্রায় দুই লাখ টাকা ব্যয় করে পাকা ঘর তুলেছেন। তিনি আরও বলেন, ‘জানি, এইটা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা। কিন্তু কেউ তো বাধা দেয় নাই। তাই পাকা ঘর কইরা থাকতেয়াছি। আমরা তো গরিব। কোথাও জায়গা না পাইয়া আইছি। কিন্তু আমরার লগে লগে ধনীরাও আইছে।’
তাজুল ইসলামের ঘরের পাশে দেখা গেল পৌরসভার পানির লাইনের সংযোগ। কল থেকে অনেকে কলসি ভরে নিচ্ছেন। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বলেন, ‘এখানে টাকা খরচ করে ঘর তুলছি। আমরা অনেক মানুষ। চাইলে যে কেউরে ভোট দিয়া পাস করাইতে পারি। এখন কেউ আইয়া বিদায় হও কইলেই হবে না।’
নদের পাড়ের পানির লাইনের সংযোগ সম্পর্কে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বলেন, ‘সেখানে কীভাবে পানির লাইন গেল বুঝতে পারছি না। আমি সরেজমিনে বিষয়টি দেখব।’
দেখা গেছে, সৈয়ারপুর এলাকার বন বিভাগের বিট কার্যালয়ের পূর্ব পাশ থেকে নদের পাড় ধরে শ্মশানঘাটের পশ্চিম প্রান্ত পর্যন্ত গড়ে উঠেছে অনেক কাঁচা-পাকা ঘর। আবার অনেকে পরে ঘর তোলার আশায় খালি জায়গায় বাঁশের বেড়া বা ইটের দেয়াল দিয়ে জায়গা দখল করে রেখেছেন। কোথাও কোথাও নদের পাড়ে লাগানো হয়েছে কলাগাছ ও বাঁশঝাড়। এসব গাছের কারণে অনেক জায়গায় দখল প্রক্রিয়াটি দূর থেকে স্পষ্ট বোঝা যায় না।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে লোকজন কাঁচা ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। পরে বাধা না পেয়ে পাকা স্থাপনা নির্মাণ করে নিচ্ছেন লোকজন। এভাবে নদীপাড়ের প্রায় সবটুকুই এখন এ রকম ঘরবাড়ির দখলে চলে গেছে।
পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’