নদের ১০ স্থানে বালু ও মাটির অবৈধ ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ঘাঘট নদে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা চলছেই। নগরের ভেতর দিয়ে প্রবাহিত নদের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় অন্তত ১০টি স্থানে প্রতিবছর শুকনো মৌসুমে এই তাণ্ডব চালান বালু ও মাটি ব্যবসায়ীরা।
নগরের পশ্চিম-উত্তর কোণের ১ নম্বর ওয়ার্ডের গঙ্গা হরি এলাকা থেকে ৩২ নম্বর ওয়ার্ডের দমদমা এলাকা পর্যন্ত ঘাঘট নদ প্রবাহিত। এই নদ তিস্তা নদী থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে।
সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের গঙ্গা হরি এলাকায় একটি স্থানে, রণচণ্ডী এলাকায় একটি ও হাজিরহাট এলাকার তিন স্থানে নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া ৩২ নম্বর ওয়ার্ডের দমদমা সেতুর পশ্চিমে দুটি স্থানে, ১৪ নম্বর ওয়ার্ডের শিংগিমারী এলাকায় একটি ও ১৩ নম্বর ওয়ার্ডের নিসবেতগঞ্জ এলাকার দুটি স্থানে নদ থেকে বালু উত্তোলন করছেন ব্যবসায়ীরা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, মাটি দিয়ে আড়াআড়িভাবে নদের গতিপথ বন্ধ করে রাস্তা বানিয়ে ১ নম্বর ওয়ার্ডের রণচণ্ডী এলাকায় নদ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এক মাস ধরে স্থানীয় ব্যবসায়ী মোখলেছুর রহমান এই কাজটি করছেন।
নদ থেকে এভাবে বালু উত্তোলনের ফলে এলাকার ৪০টি পরিবারের প্রায় পাঁচ একর আবাদি জমি নদের গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে আলতাফ হোসেন, মশিউর রহমান, শাহ আলম ও আবদুর রাজ্জাক জানান, তিন বছরের মধ্যে রণচণ্ডী এলাকায় প্রায় তিন একর আবাদি জমি নদের ভাঙনে বিলীন হয়ে গেছে।
নদের মাটি কাটাসহ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী মোখলেছুর রহমান বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেন। তিনি দাবি করে বলেন, ‘এতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়।’
ওই এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ১ নম্বর ওয়ার্ডের গঙ্গা হরি এলাকায় নদের মধ্যখানে শ্যালোযন্ত্র বসিয়ে রাতের বেলা বালু উত্তোলন করা হয়। গতকাল গিয়ে নদের মধ্যে আড়াআড়িভাবে মাটি, কাঠ ও বাঁশ দিয়ে রাস্তা তৈরি দেখা গেছে। সেখানে পানিপ্রবাহের জন্য রাস্তায় ছোট ছিদ্র রাখা হয়েছে।
গঙ্গা হরি গ্রামের কৃষক জিতেন্দ্রনাথ, মোহাম্মদ হোসেন, আকবর আলী ও ইউসুফ মিয়া জানান, গত কয়েক বছরে এভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নেওয়ায় এলাকার প্রায় পাঁচ একর আবাদি জমি নদের ভাঙনে বিলীন হয়েছে।
জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম গতকাল বলেন, ‘বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করার জন্য বারবার নিষেধ করলেও তাঁরা শোনেন না। এখানে আমার কিছু করার থাকে না। বিষয়টি এসি ল্যান্ড অফিসেও জানিয়েছি।’
বালু উত্তোলন ও মাটি কাটা কীভাবে বন্ধ করা সম্ভব—প্রশ্নে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার ফাউজুল কবির বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করেই উচ্ছেদ অভিযান সফল করা সম্ভব। তবে লোকবল কম থাকায় সময়মতো অভিযান পরিচালনা করা হয়ে ওঠে না। তারপরও চেষ্টা চালানো হচ্ছে। গত পাঁচ মাসে ঘাঘট থেকে সাতটি শ্যালোযন্ত্র জব্দ করা হয়েছে।