নন্দীগ্রামে পশুহাটে চাঁদাবাজি তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা পশুর হাটে গতকাল শুক্রবার অবৈধভাবে চাঁদা আদায়কালে হাতেনাতে তিন চাঁদাবাজকে আটক কার হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমামের ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার কুস্তা গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫), হাটলাল গ্রামের শফিকুল ইসলাম (৩২) এবং রনবাঘা গ্রামের শুকুর আলী (৪২)। তাদের গতকালই কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রনবাঘা পশুর হাটে অবৈধভাবে খাজনা আদায়ের প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা সদরে বিক্ষোভ, মানববন্ধন ও বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে উপজেলা নাগরিক কমিটি।
প্রত্যক্ষদর্শী তিন-চারজন বলেন, রনবাঘা পশুর হাটে ইচ্ছেমতো খাজনা আদায়ের প্রতিবাদে বেলা তিনটার দিকে নাগরিক কমিটির ব্যানারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে পশুর হাটে ইচ্ছেমতো খাজনা আদায় বন্ধসহ ইজারা বাতিল এবং ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বেশ কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে চলে সমাবেশ। এতে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ইউএনও আনোয়ার ইমাম। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম বলেন, ওই ঘটনার পর বেলা সাড়ে তিনটার দিকে রনবাঘা পশুর হাটে অভিযান চালান ইউএনও। এ সময় গরুবাহী যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।