নন্দীগ্রামে ব্যাংক কর্মকর্তার অর্ধদগ্ধ লাশ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার সকালে রেজাউল করিম (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার অর্ধদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে তিনি খুন হয়েছেন।
পুলিশের ধারণা, রেজাউলকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশে পেট্রল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে লাশের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমানকে প্রধান আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল করিমের বাড়ি বগুড়া সদর উপজেলার বামনপাড়া গ্রামে। তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের আদমদীঘি শাখার সহকারী কর্মকর্তা ছিলেন। তিনি গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে যান। সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে নন্দীগ্রাম-শেরপুর সড়কের তোতা রাস্তা নামক স্থান থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা লাশটি রেজাউলের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর মোটরসাইকেল পাওয়া যায়নি।
জানতে চাইলে রেজাউল করিমের চাচা নুরে আলম প্রথম আলোকে বলেন, প্রায় দেড় বছর আগে জিল্লুর রহমান আদমদীঘি উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তাঁর সঙ্গে রেজাউল করিমের ঘনিষ্ঠতা হয়। এর সূত্র ধরে এক আত্মীয়কে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা নেন জিল্লুর। এই টাকা লেনদেন হয় রেজাউলের মধ্যস্থতায়। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হলে জিল্লুরের কাছে ওই টাকা ফেরত চান রেজাউল। একপর্যায়ে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে নন্দীগ্রামে বদলি হন জিল্লুর। বহু দেন দরবারের পর অবশিষ্ট সাড়ে ছয় লাখ পাওনা টাকা পরিশোধ করতে রাজি হন জিল্লুর। টাকা নিতে গত বৃহস্পতিবার রেজাউলকে নন্দীগ্রামে আসতে বলেন। অফিস ছুটির পর আদমদীঘি থেকে মোটরসাইকেলে নন্দীগ্রামে জিল্লুরের কর্মস্থলে যান রেজাউল। কিন্তু সন্ধ্যার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান বলেন, প্রাথমিক আলামত ও লাশের সুরতহাল প্রতিবেদন দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শ্বাসরোধে হত্যার পর পেট্রল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে লাশ পোড়ানো হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, মামলার প্রধান আসামি জিল্লুর রহমানের বাড়ি নাটোর সদরে। তিনি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।