নন্দীগ্রামে যুবলীগ নেতার হামলায় আঙুল হারালেন কৃষক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবলীগের এক নেতার চায়নিজ কুড়ালের কোপে হাতের তিনটি আঙুল হারিয়েছেন এক কৃষক। উপজেলার কাথম এলাকায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কৃষকের নাম মোখলেছার রহমান (৪০)। নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি (৩০) তাঁকে আঘাত করেন। পরে এলাকাবাসী ওসমানকে পিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আখতার ওসমানের পরিচয় নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, কাথম গ্রামের বাসিন্দা যুবলীগের নেতা ওসমান পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানে কোয়ালিটি ফিডসে দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিকের কাজ করেন। ওই কারখানার শ্রমিক কামাল হোসেনের (৩৫) সঙ্গে শনিবার সকালে ওসমান গণির হাতাহাতি হয়।
কারখানার উপমহাব্যবস্থাপক আতাউল হক বলেন, শনিবার সকালে কারখানার ফটকের বাইরে কামালের কাছে গাঁজার টাকা চান ওসমান গণি। টাকা না পেয়ে তিনি কামালকে মারধর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বুলু মিয়া বলেন, কারখানা থেকে বাড়িতে ফিরে এসে ধারালো অস্ত্র নিয়ে কামালকে ধাওয়া করেন ওসমান গণি। একসময় কামাল দৌড় দেন। এ সময় ওসমানের হাতে অস্ত্র দেখে তাঁকে রুখতে আসেন প্রতিবেশী কৃষক মোখলেছার রহমান। তখন ওসমানের হাতে থাকা চায়নিজ কুড়ালের কোপে তাঁর বাঁ-হাতের তিনটি আঙুল কাটা পড়ে।
গ্রামবাসী আহত মোখলেছারকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক রেজাউল আলম বলেন, মোখলেছার পুরোপুরি সুস্থ হলেও একটি হাতে স্বাভাবিক কাজ করতে পারবেন না।
ঘটনার পর উত্তেজিত জনতা ওসমান গণিকে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। পরে থানা থেকে পুলিশ এসে আহত ওসমান গণিকে আটক করে এবং তাঁর কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বলেছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসমানকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।