নন্দীগ্রামে 'হাফপ্যান্ট' বাহিনীর গণডাকাতি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দুটি গ্রামে গত রোববার রাতে গণডাকাতি হয়েছে। ‘হাফপ্যান্ট’ পরা ডাকাত দল ছয়টি বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত ভরি ওজনের স্বর্ণালংকার, দুই লাখ ৩৫ হাজার টাকা ও দামি জিনিসপত্র লুট করে।
এলাকার অনেকে জানান, ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাত দল প্রথমে উপজেলার দাশগ্রামের সোনারপাড়ার ফজলুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে হানা দেয়। এরপর ফজলুরকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে ও পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আধা ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুট করে।
এরপর ডাকাতদল প্রতিবেশী মোফাজ্জল হোসেনের বাড়িতে হানা দিয়ে কিছু টাকা ও দুটি মুঠোফোন লুট করে। ডাকাতির বিষয়টি টের পেয়ে পাশের বাড়ির গৃহবধূ মমতা বেগম এগিয়ে এলে তাঁকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাঁর বাড়িতে হানা দিয়ে সোয়া ভরি স্বর্ণালংকারসহ ১০ হাজার টাকা লুট করে।
অস্ত্রধারী ডাকাতের দল এরপর প্রতিবেশী ধান ব্যবসায়ী জামালউদ্দিনের বাড়িতে হানা দিয়ে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে গৃহকর্তাকে মারধরের পর চার ভরি স্বর্ণালংকার ও দুই লাখ পাঁচ হাজার টাকা লুট করে।
এ ছাড়া ডাকাত দলটি একই কায়দায় পাশের শালুকাপাড়া গ্রামের গৃহকর্তা শাহীন আলীর বাড়িতে হানা দিয়ে আধা ভরি স্বর্ণালংকার, তিন ভরি রুপা এবং পাঁচ হাজার টাকা লুট করে।
এ সময় প্রতিবেশী শহিদ উদ্দিনের বাড়িতে হানা দিয়ে আধা ভরি স্বর্ণালংকার, পাঁচ হাজার টাকা লুট করে। আরেক প্রতিবেশী শামীম হোসেনের মনিহারি দোকান লুট করে ডাকাতেরা।
ফজলুরের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘বৃষ্টির রাত। ঘরের বারান্দায় ঘুমাচ্চিলাম। হঠাৎ বিকট শব্দ। তারপর দেকি ১৫ থ্যাকে ২০ জন দস্যু। সগলি হাফপ্যান্ট পরা। বাড়িত ঢুকেই হামার সোয়ামিক মারবার শুরু করে। তাঁক বাঁচাবার গেলে হামাক আর হামার ছলডাক পিস্তলের মুখত জিম্মি করে। তারপর সব লুট করে।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, লোকমুখে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।