নন্দীপাড়ায় গৃহবধূ ধর্ষিত
রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় এক গৃহবধূ ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে সবুজবাগ থানায় শুক্রবার একটি মামলা করেছেন গৃহবধূর স্বামী। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, ২৫ আগস্ট রাতে এলাকার বেশ কয়েকজন যুবক নন্দীপাড়ার বালুর মাঠে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এজাহারে মনির, মেহেদি, লিটন, খোকন, বাপ্পী, মাসুম, মিন্টু, জাফর, জাকির ও জ্যোৎস্নার নাম উল্লেখ করা হয়েছে। মামলার পর গতকাল বিকেলে তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিসে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর স্বামী দীর্ঘদিন ওমানে চাকরি করতেন। সেখানেই তাঁদের বিয়ে হয়। যুদ্ধের কারণে চার মাস আগে দেশে ফিরে নন্দীপাড়ায় বাসা ভাড়া নেন। ঘটনার দিন রাত ১২টার দিকে মনির, মেহেদিসহ কয়েকজন যুবক তাঁদের ঘরে ঢুকে বিয়ের কাবিননামা দেখাতে বলেন। পরে তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন যুবকেরা। যুবকেরা গৃহবধূর স্বামীকে বেঁধে ফেলে তাঁকে বাইরে নিয়ে যান। বালুর মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন। প্রাণভয়ে প্রথমে মামলা করতে চাননি বলে জানান গৃহবধূ।
সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম জানান, আসামিদের মধ্যে জ্যোৎস্না ওই নারীর সঙ্গে ওমানে থাকতেন। নন্দীপাড়াতেও তাঁরা একসঙ্গে ভাড়া থাকতেন।