নব দম্পতিকে অপহরণ, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুরে এক দম্পতিকে অপহরণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুকককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ওই নব দম্পতিকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম প্রথম আলোকে জানান, ৯ ডিসেম্বর মহম্মদপুর উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মতিয়ার মোল্লার ছেলে মান্না মোল্লার (২২) সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের শেখ আবদুল মনির মেয়ে যুঁথি আক্তার মিতুর (১৯) বিয়ে হয়। তাঁদের মুঠোফোনের সূত্র ধরে পরিচয় হয়েছিল। মান্না মোল্লা বাড়িতে নতুন বউ আনার পর থেকে কয়েকজন উত্ত্যক্ত করতে শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, মেয়েটি মান্নার বউ নয়। অবৈধভাবে মেয়েটি তাঁর সঙ্গে আছে। এ জন্য তাঁদের চাঁদা দিতে হবে। হুমকি পেয়ে মান্না নতুন বউ নিয়ে ঢাকা চলে যান। পরে পরিবারের কথায় গতকাল মঙ্গলবার মান্না বউ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীসহ অপহৃত হন। মধুমতী নদীর এলেংখালি এলাকায় কয়েকজন যুবক তাঁদের অপহরণ করে একটি কলা বাগানে আটকে রাখে। অপহরণকারীরা মান্না মোল্লার মুঠোফোন থেকে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে।
ওসি জানান, সঙ্গে সঙ্গে মান্নার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ওই দিন রাত আড়াটাই দিকে মুরাদ শেখ (৩০) নামের একজন অপহরণকারীকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কলাবাগান থেকে মোহাম্মদ সোহাগ (২৫) ও ইকবাল কবির (৩৫) নামের আরও দুই অপহরণকারীকে আটক এবং ওই দম্পতিকে উদ্ধার করে।
মহম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বলেন, অপহরণকারী মুরাদের বাড়ি মহম্মদপুরের নিত্যানন্দপুর এবং সোহাগ ও ইকবালের বাড়ি পাশে গোপালনগর গ্রামে। তাঁরা পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে মোট সাতজন জড়িত ছিলেন। পুলিশ তাঁদের খুঁজছে। ওই ঘটনায় মান্না মোল্লার ভাই জিন্নাহ মোল্লা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।