নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের (ভিক্টোরিয়া) জরুরি বিভাগের পেছন থেকে এক নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগের পেছনে একটি গাছের নিচে একটি ছোট গর্তের মধ্য থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, শুক্রবার মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগের পেছনে কান্নার আওয়াজ পান হাসপাতালেরই নার্স আয়েশার ছেলে আরিফুর রহমান। তিনি বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জহিরুল ইসলামকে জানালে তিনি কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগের পেছনে একটি গর্তের মধ্য থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, শুক্রবার মধ্যরাতে হাসপাতাল থেকে এক নারীকে কাপড়ে মোড়ানো কিছু নিয়ে বের হতে দেখা গেছে। এর কিছু সময় পরই শিশুটির কান্নার শব্দ পান নার্স আয়েশার ছেলে আরিফ।