নবজাতক ও যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় গতকাল রোববার পরিত্যক্ত অবস্থায় পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। একই দিন কুমিল্লার হোমনা উপজেলার শ্যামনগর গ্রামের পাশের হাবাতিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা দুইটার দিকে শহরের নাগড়া এলাকায় জেলা পরিষদের সামনের ‘মাতৃছায়া’ বাসার প্রাচীরের ভেতরে গতকাল পাতা কুড়াতে গিয়ে দুজন ছিন্নমূল শিশু পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুর লাশ দেখতে পায়। সোয়া দুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। শিশুটি কার তা জানা যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুর আলম বলেন, শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় আলামত পাঠানো হবে।
হোমনা থানার ওসি আবুল ফয়সল বলেন, গতকাল দুপুর ১২টার দিকে হাবাতিয়া নদীতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। বিকেল চারটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। যুবকটির পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।