নবজাতক হত্যার দায় স্বীকার বাবার: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাততলার ওপর থেকে ফেলে নবজাতককে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া বাবা ফজল হক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ কথা বলেন। এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
গতকাল সোমবার ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জড়িত সন্দেহে তাঁর বাবা ও এক আত্মীয়কে আটক করে পুলিশ। এরপর ফজল হকের শ্বশুর নুরুল ইসলাম একটি হত্যা মামলা করেন। এ মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গতকাল এনাম মেডিকেল কর্তৃপক্ষ জানায়, গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাভার পৌর এলাকার জামসিং দক্ষিণ পাড়ার ফজল হকের চার দিন বয়সের শিশুপুত্রকে ৬ জুলাই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশু বিভাগের প্রধান ডা. শাহীন আক্তারের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে টানা ১৫ দিন শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে গত বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর থেকে ওই নবজাতক সাততলার ৭১৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিল। রোববার রাতে নবজাতকের সঙ্গে ওই কেবিনে ছিলেন বাবা ফজল হক, বাকপ্রতিবন্ধী মা নুরুন্নাহার ও নুরুন্নাহারের ফুফু জবেদা বেগম।
হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমানের ভাষ্য, গতকাল সোমবার ভোর চারটার দিকে জবেদা বেগম হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, কেবিন থেকে তাঁদের বাচ্চা চুরি হয়ে গেছে। এরপর হাসপাতালের সব প্রবেশদ্বার বন্ধ করে নবজাতকের খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর পাশের ভবনের চারতলায় ছাদে তাকে পাওয়া যায়। এরপর নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সাভার মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত শিশুটির নানি সালমা বেগম বলেন, তাঁর নাতি সুস্থ হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ গত শনিবার তাকে ছেড়ে দেয়। কিন্তু চিকিৎসার পুরো টাকা জোগাড় করতে না পারায় তাকে হাসপাতাল থেকে বাড়ি আনা যাচ্ছিল না। এই টাকা পরিশোধ করে গতকাল তাকে বাড়ি আনার কথা ছিল। এর আগেই কে বা কারা তাঁর নাতিকে সাততলা থেকে ফেলে দিয়ে হত্যা করে।
মৃত শিশুটি ছিল ফজল-নুরুন্নাহার দম্পতির দ্বিতীয় সন্তান।
গতকাল এসআই আসাদুজ্জামান বলেন, ঘটনার পর হাসপাতালে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ফজল হক ও জবেদাকে আটক করা হয়েছে।
পুলিশি হেফাজতে ট্রাকচালক ফজল হক বলেন, ‘আমি ঘুমাইয়া ছিলাম। আমার বাচ্চা কীভাবে কেবিনের বাইরে গেল, আর কারা আমার বাচ্চাকে চারতলার ছাদে ফালাইয়া মারল, আমি কিছুই বলবার পারুম না।’
জবেদা বেগম বলেন, ‘আমিও ঘুমাইয়া ছিলাম। ভোর চারটার দিকে ঘুম থিকা উইঠা দেহি, কেবিনে বাচ্চা নাই। হ্যার পর ফজলরে ডাইকা তুইলা তারে জানাই। হ্যা কিছু বলবার না পারলে আমি হাসপাতালের লোকজনকে জানাই।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘নবজাতককে কারা কেবিন থেকে বাইরে নিয়ে চারতলা ভবনের ছাদে ফেলে দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে কোনো তথ্য মেলেনি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।