নবজাতককে ফেলে দেওয়া হলো পাঁচতলা থেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেইলি রোডের একটি ভবনের পাঁচতলা থেকে গতকাল সোমবার এক নবজাতককে ফেলে দেওয়া হয়েছে। শিশুটিকে তার মা নিজেই ফেলে দেয় বলে জানিয়েছে পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নবজাতকটি ছেলে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তার বাঁ পা ভেঙে গেছে। পুলিশের তত্ত্বাবধানে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির কিশোরী মাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেইলি রোডের একটি কাপড়ের দোকানের কর্মী মো. রহমান পুলিশকে জানিয়েছেন, গতকাল দুপুরে তাঁর দোকানের ওপর ভারী কিছু পড়ার শব্দ হয়। তিনি ছাদে গিয়ে দেখেন, একটি নবজাতক কাঁদছে। কাছে গিয়ে দেখেন, শিশুটি রক্তাক্ত। এরপর তিনি দোকানমালিক ও পুলিশকে জানান। পরে পুলিশ এসে দোকানের পাশের একটি ভবনের আবাসিক অংশে তল্লাশি করে পঞ্চম তলায় ওই কিশোরীকে খুঁজে পায়।
পুলিশ জানায়, মেয়েটি বেইলি রোডের একটি ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করে। গতকাল সকালে ওই ফ্ল্যাটে শিশুটির জন্ম দেয় মেয়েটি। ওই ফ্ল্যাটের আরেক গৃহকর্মী শিশুটিকে ভূমিষ্ঠ হতে সাহায্য করে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ভূমিষ্ঠ হওয়ার পর মেয়েটি বারান্দা থেকে ব্যাগে ভরে শিশুটিকে নিচে ফেলে দেয়।
পুলিশ জানায়, মেয়েটি তাদের বলেছে, নিজের ভগ্নিপতি তাকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাই ক্ষোভ, লজ্জা ও অপমানে সে শিশুটিকে ফেলে দেয়।