নবজাতককে ফেলে পালিয়ে গেল মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার নবজাতককে ফেলে পালিয়ে গেছে এক কিশোরী (১৫) মা। এর আগে ওই কিশোরী নবজাতক সন্তানকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। নবজাতকটি এখন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া জাহানারা বেগমের তত্ত্বাবধানে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে গভবর্তী ওই কিশোরী এখানে ভর্তি হয়।

আয়া জানাহারা বেগম অভিযোগ করে বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সন্তানসম্ভবা ওই কিশোরী স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে (টয়লেটে) ঢুকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে শৌচাগারের ভেতর থেকে শিশুর কান্না শুনতে পাওয়া যায়। কিন্তু বারবার অনুরোধ জানানো হলেও দরজা খুলছিল না ওই কিশোরী। বাধ্য হয়ে শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সে একটি ছেলেসন্তান প্রসব করেছে ও নবজাতকের গলা চেপে হত্যার চেষ্টা চালাচ্ছে। এরপর বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানিয়ে নবজাতককে সেখান থেকে উদ্ধার করে অক্সিজেন দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই কিশোরী সন্তানকে রেখে পালিয়ে যায়।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া বেগম বলেন, ‘নবজাতকটির মাথায়, চোখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। শুনেছি নবজাতকটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল মা।’

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তির নিবন্ধন বই দেওয়া ঠিকানা অনুযায়ী, ওই কিশোরীর বাড়ি বদরগঞ্জ পৌর এলাকায়। গতকাল সন্ধ্যার কিছু আগে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমরা পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’