নবজাতককে হাসপাতালে ফেলে গেলেন মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবে পৃথিবীর আলো দেখেছে ফুটফুটে ছেলে শিশুটি। কিন্তু একদিনের মধ্যেই মায়ের কোল ছাড়া হলো সে। হাসপাতালে মা-ই তাকে ফেলে চলে গেলেন। তার ঠাঁই এখন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষে। তিন দিন ধরে চিকিৎসক ও সেবিকারা শিশুটির দেখভাল করছেন।

গত বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতককে নিয়ে ভর্তি হন মা। রাত পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু পরদিন শুক্রবার দুপুরেই ঘটে বিপত্তি। নবজাতকের পাশে নেই মা। খোঁজাখুঁজি করে মাকে আর পাওয়া যায়নি।

 স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পৃথ্বীরাজ কর প্রথম আলোকে বলেন, হাসপাতালের ভর্তির তিন ঘণ্টা আগে বাসায় বাচ্চাটি প্রসব হয়। বৃহস্পতিবার রাতে নবজাতকের সঙ্গে মা থাকলেও শুক্রবার দুপুরের দিকে পালিয়ে যান। বাচ্চাটি সুস্থ আছে। বর্তমানে ওজন আড়াই কেজি।

 স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে ভর্তির সময় মায়ের নাম নিবন্ধন করা হয় রুমা আকতার (২০) ও স্বামী মো. ফয়সাল নামে। ঠিকানা চট্টগ্রাম নগরের সাগরিকা ৩ নম্বর ব্লক এলাকার সালাম সু ফ্যাক্টরি। তাঁর সঙ্গে স্বজন হিসেবে আসা এক মহিলার ঠিকানা দেওয়া হয় আনোয়ারার দক্ষিণ বন্দর এলাকা। কিন্তু আনোয়ারার এই ঠিকানায় কাউকে খুঁজে পাওয়া কষ্টকর হবে। কারণ, সুনির্দিষ্ট কোনো বাড়ির নাম দেওয়া নেই।

গতকাল রোববার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষের একটি শয্যায় রাখা হয়েছে নবজাতককে। কাঁথায় মোড়ানো শিশুটি মাঝে মাঝে পিট পিট করে তাকাচ্ছে। পরক্ষণে আবার ঘুমিয়ে পড়ছে। সেবিকারা পালা করে শিশুটির দুধ খাওয়ানো ও পরিচর্যা করছেন।

 স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা রিতা বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘কষ্ট হলেও আমরা সবাই হাসিমুখে তাকে দেখভাল করছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র সেন গুপ্ত বলেন, ‘শিশুটিকে যথাযথভাবে পরিচর্যা করা হচ্ছে। মা পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে নবজাতককে নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করেছেন। তাই এ ব্যাপারে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেছি। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নবজাতকের খাবারের জন্য আর্থিক অনুদান দিয়েছেন।’ তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া রুমা ও স্বজন পরিচয়দানকারীর ঠিকানায় খোঁজ নেওয়া হচ্ছে। এখনো কারও খোঁজ পাওয়া যায়নি।