নবজাতকটি পড়ে ছিল ময়লার স্তূপে
নবজাতক শিশুটির থাকার কথা ছিল মায়ের কাছে। অথচ সে পড়ে ছিল ময়লার স্তূপে। কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চার তরুণ।
গত সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকার একটি ভবনের পেছনের ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, ছেলেশিশুটি আশঙ্কামুক্ত। ইতিমধ্যে শিশুটির নাম রাখা হয়েছে একুশ।
শিশুটিকে উদ্ধারকারী তরুণ সাব্বিরুল আলভী বলেন, গত সোমবার রাত ১০টার দিকে একটি দোকানে বসে তাঁরা কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এ সময় তাঁরা ছোট্ট শিশুর কান্নার শব্দ শুনতে পান। এরপর দেয়ালঘেরা একটি খালি জায়গায় মুঠোফোনের আলো ফেলতেই ময়লার স্তূপে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁরা শিশুটিকে ময়লার স্তূপ থেকে উদ্ধার করেন। তখন শিশুটির গায়ে রক্ত লেগে ছিল।
আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে শয্যা খালি না থাকায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক জগদীশ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার পুরো শরীর ছিল ঠান্ডা। শ্বাসকষ্টে ভুগছিল সে। তিনি বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরই শিশুটিকে ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। শিশুটির সামান্য জ্বর আছে। তবে সে শঙ্কামুক্ত।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে থাকা অনেক শিশুর মা এই নবজাতককে বুকের দুধ খাওয়াচ্ছেন।
পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আকবর শাহ থানার ওসি জানান, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ২০ থেকে ২৫ জন নিঃসন্তান দম্পতি যোগাযোগ করেছেন। অনেকে বিদেশে নিয়ে যাওয়ারও প্রস্তাব দিয়েছেন। পরে গতকাল বৃহস্পতিবার বিষয়টি আদালতকে জানানো হয়। চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ শিশুটিকে ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁকে নির্দেশ দিয়েছেন আদালত।
ওসি জানান, শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, শিশুটির মা-বাবা দাবি করে কেউ এখনো হাসপাতাল কিংবা থানায় যোগাযোগ করেনি। শিশুটিকে কারা ময়লার স্তূপে ফেলে গেছে, তা জানার চেষ্টা চলছে।
আকবর শাহ থানার ওসি বলেন, মহান একুশে উপলক্ষে সবাই যখন শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন শিশুটি ছিল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাই তার নাম রাখা হয়েছে একুশ।