নবজাতকটিকে বাঁচানো গেল না
পাঁচতলা থেকে ফেলে দেওয়া নবজাতকটিকে বাঁচানো গেল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সে মারা গেছে। হাসপাতালের নথিতে এই ছেলেশিশুর পরিচয় ছিল ‘বেবি অব বিউটি’ নামে।
রাজধানীর বেইলি রোডের একটি বাড়ির পাঁচতলা থেকে ১ ফেব্রুয়ারি জন্মের পরই কিশোরী মা এই নবজাতককে ফেলে দিয়েছিল। এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। ৩ ফেব্রুয়ারি রাতে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নবজাতক বিভাগের বিশেষায়িত সেবাকেন্দ্র স্পেশাল কেয়ার বেবি ইউনিটে জায়গা হয় তার। স্পেশাল কেয়ার ইউনিটেই গতকাল মারা যায় সে। হাসপাতাল সূত্র নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্পেশাল কেয়ার ইউনিটের চিকিৎসকেরা প্রথম আলোকে বলেন, পাঁচতলা থেকে ফেলে দেওয়ার পর নবজাতকের ছোট্ট ঊরুর সবচেয়ে বড় হাড়টি ভেঙে যায়। চামড়া ভেদ করে হাড়ের কিছু অংশ বের হওয়ার উপক্রম হয়। ওর মুখের একটি হাড়েও ফাটল ধরে। মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে ছিল। শেষের দিকে পেট ফুলে যায়। রক্তে মারাত্মক ধরনের জীবাণু পাওয়া যায়। ৪ ফেব্রুয়ারি তার চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু তাকে বাঁচানো গেল না।
নবজাতকের মা (১৬) বেইলি রোডের ওই বাসার গৃহকর্মী। ওই বাসায়ই শিশুটির জন্ম দেয় মেয়েটি। পুলিশকে সে বলেছে, নিজের ভগ্নিপতি তাকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বলেন, শিশুটির মা তার ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।