নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ
চট্টগ্রাম নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে প্রসব করানোর সময় এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার মাতৃসদনে এ ঘটনা ঘটে। গতকাল রোববার নবজাতকের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার জন্য অস্ত্রোপচারকারী চিকিৎসক জিনিয়া চৌধুরীকে অভিযুক্ত করা হয়।
নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নবজাতকের (কন্যা) বড় চাচা মো. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দেওয়ান বাজারের কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী এবং স্বজনেরা।
সংবাদ সম্মেলনে মো. আরিফ জানান, প্রসবব্যথা শুরু হলে ১২ আগস্ট ভোর চারটার দিকে তাঁর ছোট ভাই ইকবালের স্ত্রী জান্নাতুন নেছাকে রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে তাঁকে অস্ত্রোপচার করা হয়। পাঁচটার দিকে চিকিৎসক বাইরে এসে তাঁদের ডেকে নিয়ে যান। রুমে ঢুকে তাঁরা দেখেন, বাচ্চাটি খুব বেশি কান্নাকাটি করছে।
আরিফ বলেন, কান্নাকাটির বিষয়ে চিকিৎসক জিনিয়া চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাচ্চার ডান পায়ে ইনফেকশন হয়েছে। আপনারা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’ চিকিৎসকের কথা অনুযায়ী নবজাতককে পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক্স-রে করে দেখা যায়, বাচ্চার ডান পা ভেঙে গেছে।
মাতৃসদনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেন, ঘটনাটি নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।