নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে দুই নার্সকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে দুই নার্সকে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে ওই ঘটনা ঘটে। আহত দুই নার্স হলেন সুলতানা বেগম ও শারমিন আক্তার।
এ ঘটনায় গতকাল রোববার নার্সিং ইনস্টিটিউটের ক্যাশিয়ার আবদুস সালাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে রোগীর দুই আত্মীয়কে গ্রেপ্তার করে।
শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ আগস্ট সকালে কাকলি নামের এক প্রসূতিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তিনি স্বাভাবিকভাবে একটি বাচ্চার জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে শনিবার আবার রাজবাড়ীতে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে শিশুটির অক্সিজেন ফুরিয়ে গেলে পরিবারের লোকজন দায়িত্বরত নার্সদের অক্সিজেন দেওয়ার অনুরোধ করেন। অক্সিজেন নেই জানানোর কিছুক্ষণ পর শিশুটি মারা যায়। এই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে নার্সদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই নার্স আহত হন।
রাজবাড়ীর সিভিল সার্জন মাহবুবুল হক বলেন, শিশুটির শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তার চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।