নবনির্বাচিত আরেক মেয়র কারাগারে
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তারিক আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার একটি হত্যা মামলায় জেলার বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক সাংবাদিকদের বলেন, গত বছরের ৫ মার্চ অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা-কাঁঠাল এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাকে পেট্রল বোমা ছুড়ে মারা হয়। এতে চালকের সহকারী সেলিম মারা যান। এ ঘটনায় গোমস্তাপুর থানায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তারিক আহম্মেদ। ওই মামলায় আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন তিনি।
এর আগে গত মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে সাতটি মামলায় জামিন চেয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জামায়াতের জেলা আমির নজরুল ইসলাম। আদালত দুটি মামলায় জামিন দিলেও পাঁচটি মামলায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ এই দুই নবনির্বাচিত পৌর মেয়রের শপথ নেওয়ার কথা ছিল।