নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. নেছারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার রাজবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ছোট কোদালিয়া গ্রামের বাসিন্দা।
মো. নেছারের ভাইয়ের ছেলে শাহিনুর রহমান বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের আর আট–নয়জনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সদ্যনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নেছার জামায়াতের শংকরপুর ইউনিয়নের সেক্রেটারি। তিনি উপজেলার নায়রা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে যান। সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজিত বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলামের ভাই আরিফুল ইসলামের সঙ্গে ভোট নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। দাওয়াত খেয়ে মটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে রাজবাড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন ব্যক্তি তাঁর পথরোধ করে এলোপাতাড়ি কোপায়। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানাতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের পরাজিত বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলামের ভাই আরিফুল ইসলামের নেতৃত্বে ১০ জন ব্যক্তি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে। এ ব্যাপারে হামলাকারী আরিফুলের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আট–নয়জনের নামে একটি মামলা হয়েছে।’
উল্লেখ্য, গত শনিবার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউপিতে জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. নেছার ৬ হাজার ৫৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম ৩ হাজার ৫৩৬ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি পান ২ হাজার ৬৮৩ ভোট।
ঝিকরগাছা জামায়াতের আমির গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘পরাজিত প্রার্থী শরিফুল ইসলামের ভাই আরিফুল ও তার লোকজন নেছারকে কুপিয়ে জখম করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’