নববধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে মমতাজ বেগম (২২) নামে এক নববধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তাঁর ঘরের ভেতর থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মমতাজ যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের সুজনের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী সুজনসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মমতাজ ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন। আর মমতাজের শাশুড়ি প্রতিবেশীর বাড়িতে যান। তিনি ফিরে এসে দেখেন ঘরে পুত্রবধূর রক্তাক্ত লাশ পড়ে আছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। সন্ধ্যার পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূর স্বামী সুজন গলা কেটে হত্যার পরে লাশ ফেলে পালিয়ে গেছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মমতাজের বাবার বাড়ি চৌগাছা উপজেলায়। সম্প্রতি সুজনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।