নববধূকে 'হত্যা'র অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি
ফরিদপুরের নববধূ সাজিয়া আফরিন ওরফে রোদেলাকে (১৮) হত্যার প্রতিবাদে আলীপুরবাসীর পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে বক্তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত লোকজনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
গত সোমবার রাতে শহরের গোয়ালচামট নতুন বাজর এলাকায় এক নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়। এ মৃত্যুকে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বললেও নববধূর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তাঁকে হত্যা করা হয়েছে।
সাজিয়া আফরিন শহরের আলীপুর খাঁপাড়া মহল্লার মালয়েশিয়াপ্রবাসী শওকত হোসেন খানের মেয়ে। তিনি ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের স্নাতক (সম্মান) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এক বছর আগে শহরের গোয়ালচামটের নতুন বাজার মহল্লার মমিনুর রহমানের ছেলে সুইডেনপ্রবাসী আসাদুল সোহানের (২৮) সঙ্গে তাঁর বিয়ে হয়। গত ১৩ জানুয়ারি সাজিয়া আফরিনকে শ্বশুরবাড়িতে তুলে নেওয়া হয়।
গত সোমবার রাত ১১টার দিকে শ্বশুরবাড়ির লোকজন অসুস্থ অবস্থায় সাজিয়া আফরিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাজিয়া আফরিনের স্বামী আসাদুল সোহান বলেন, বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সাজিয়া। অপরদিকে ‘আমার মেয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না’ দাবি করে সাজিয়ার মা রুমা বেগম বলেন, সাজিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। স্বামী, শাশুড়ি, ননদসহ বাড়ির অন্য লোকজন সাজিয়ার ওপর নির্যাতন করতেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ঝর্ণা হাসান, নারীনেত্রী আসমা আক্তার, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, ব্যবসায়ী নাছির খান, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন খান, নারীনেত্রী হিরুন নাহার বেগম, জেলা বিএনপির সহসভাপতি আজম খান, বিএনপির নেত্রী বিলকিস ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদকারীরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তাঁরা জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ মৃত সাজিয়ার ননদ সুমি আক্তার ও ভাসুরের স্ত্রী রেখা পারভীনকে আটক করেছে। তবে তাঁর স্বামী-শাশুড়িসহ পরিবারের অন্য লোকজন আত্মগোপন করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. গফফার বলেন, সাজিয়ার মৃতদেহ গত মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।