নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় স্বামীর বাড়ি থেকে নববধূ দেবিকা ব্যানার্জির (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তালমা ইউনিয়নের বাজার-সংলগ্ন প্রদীপ কুমার ত্রিবেদীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরকান্দা থানার পুলিশ গৃহবধূর শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
দেবিকার বাবা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়ার সুকুমার ব্যানার্জি বলেন, গত ১৩ ডিসেম্বর দেবিকার সঙ্গে বিয়ে হয় প্রদীপের।
দেবিকার বড় বোন রিতা বলেন, ‘বিয়ের পর তাঁদের বাড়ির সবাই জানতে পারেন প্রদীপ মানসিক ভারসাম্যহীন। সে প্রায় সময় দেবিকাকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। যন্ত্রণা সইতে না পেরে দেবিকা গোপনে বাবা ও বোনকে মুঠোফোনে ফোন করে প্রায়ই কান্নাকাটি করত।’
‘দেবিকা আত্মহত্যা করেছে’—দাবি করে প্রদীপের বাবা দিলীপ কুমার ত্রিবেদী বলেন, ‘কেন সে আত্মহত্যা করেছে তা জানি না।’
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।