নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ সবাই পলাতক
বিয়ের পাঁচ দিনের মাথায় মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম থেকে গতকাল সোমবার উন্নতি মণ্ডল (২৫) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ওই নারীর স্বামীসহ পরিবারের অন্যরা পালিয়েছেন।
মৃত উন্নতি মণ্ডলের পরিবার দাবি করেছে, যৌতুকের দাবিতে তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে। পলাতক থাকায় এ বিষয়ে উন্নতি মণ্ডলের স্বামী শশধর বাড়ৈ (৩০) বা তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রাজৈর থানার এসআই অমল কুমার রায় বলেন, নববধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উন্নতি মণ্ডলের বাবা বিশ্বনাথ মণ্ডল বলেন, ‘বিয়ের আগে বরের পরিবার পাঁচ লাখ টাকা চেয়েছিল। বিয়েতে চার শ লোক খাওয়াতে বলেছিল। আমি গরিব ভ্যানচালক, দিন আনি দিন খাই। টাকা দিতে ও অতিথিদের খাওয়াতে না পারায় ওরা আমার মেয়েকে মারধর করেছে। বিয়ের পর নিয়ম থাকলেও তারা মেয়েকে আমার বাড়িতে আসতে দেয়নি। আমার মেয়েকে ওরা হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।’