নববধূর লাশ উদ্ধার, হত্যা মামলার আসামি স্বামীসহ ৫
লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর গ্রাম থেকে শারমিন আক্তার রিমি (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিমির বাবা সিদ্দিক উল্যাহর অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন গতকাল সোমবার রাতে শ্বাসরোধ ও পিটিয়ে রিমিকে হত্যা করেছে।
লাশ উদ্ধারের পর সিদ্দিক উল্যাহ বাদী হয়ে রিমির স্বামী দেলোয়ার হোসেন, শ্বশুর নুর নবী ও শাশুড়িসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন।
রিমির বাবা বলেন, গ্রামের নুর নবীর ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে তিন মাস আগে রিমির বিয়ে হয়। বিয়ের পর থেকে দেলোয়ার ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের টাকা চেয়ে আসছিলেন। টাকা না পেয়ে তাঁরা প্রায়ই রিমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। যৌতুকের টাকা নিয়ে গতকাল সন্ধ্যায়ও স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার তাঁর ঘরের লোকজনকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে রিমিকে হত্যা করেন। এরপর রিমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করতে থাকে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, রিমির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।