নববধূর শ্লীলতাহানির দায়ে স্বামীসহ পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে স্বামীর সহযোগিতায় নববধূর শ্লীলতাহানির দায়ে স্বামীসহ পাঁচজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাঈদুর রহমান খান আজ মঙ্গলবার বিকালে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আগলা গ্রামের আনসার আলীর ছেলে নজরুল ইসলাম ওরফে বুলবুল (৩০), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শমশ্চূড়া গ্রামের শফিকুল ইসলাম (২৭), আব্দুস সালাম (২৫), মনু মিয়া (২৬) ও পশ্চিম শমশ্চূড়া গ্রামের মোস্তফা কামাল (৩০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানানো হয়, ২০১৪ সালের ১৭ জুলাই দুপুরে নববধূ তাঁর স্বামী নজরুলের সঙ্গে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান। সেখানে নজরুল ও মোস্তফা কামালের সহযোগিতায় ইকোপার্কের ভেতরের একটি স্থানে সালাম ও মনু নববধূকে অস্ত্রের ভয় দেখান। শফিকুল নববধূর শ্লীলতাহানি করেন এবং মুঠোফোনে সে দৃশ্য ধারণ করেন। নজরুল আসামিদের উৎসাহ দেন। জীবন বাঁচাতে ওই নববধূ টিলা থেকে নিচে লাফ দিয়ে পড়েন। পরে ভিডিও ছড়িয়ে দেন অভিযুক্তরা।
শ্লীলতাহানির শিকার ওই নববধূ বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম কিবরিয়া ও আসামি পক্ষে হরিদাস কর্মকার স্বপন মামলাটি পরিচালনা করেন। মামলার রায়ে সরকারি কৌঁসুলি সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী প্রথম আলোকে বলেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।