নববর্ষ উদযাপনে বাড়ি থেকে বেরিয়ে খুন
বগুড়া শহরে গতকাল বুধবার রাতে নববর্ষ উদযাপনের জন্য বাড়ি থেকে বের হয়ে খুন হয়েছেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র। আজ বৃহস্পতিবার তাঁর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম বাকীরুল্লাহ শেখ ওরফে বিপ্লব (১৮)। তাঁর বাবা রানা শেখ দুবাইপ্রবাসী। বিপ্লবের বাড়ি বগুড়া শহরের সিলিমপুর উত্তরপাড়ায়। তিনি বগুড়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (বিট) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিলিমপুর উত্তরপাড়ার বাড়ি থেকে নববর্ষ উদযাপনে বের হন বিপ্লব। তাঁর সঙ্গে একটি দামি মোটরসাইকেল, দামি মোবাইল ফোন, ৩০ হাজার টাকা ছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে সিলিমপুর তালুকদারপাড়া এলাকার ফসলি মাঠের ইউক্যালিপটাস বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।