নববর্ষ উদ্যাপনের জন্য বের হয়ে খুন
বগুড়ায় নববর্ষ উদ্যাপনের জন্য বাসা থেকে বের হয়ে খুন হয়েছেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বাকিরুল্লাহ শেখ ওরফে বিপ্লব (১৮)। গতকাল বৃহস্পতিবার সকালে বাসা থেকে আধা কিলোমিটার দূরে তাঁর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
বাকিরুল্লাহ বগুড়া শহরের সিলিমপুর উত্তরপাড়ার বাসিন্দা এবং বগুড়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিট) কম্পিউটার প্রযুক্তি বিষয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হত্যার ঘটনায় বাকিরুল্লাহর এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাকিরুল্লাহর চাচি পপি বেগম জানান, বাকিরুল্লাহর বাবা রানা শেখ আট বছর ধরে দুবাইপ্রবাসী। সাত মাস আগে মা বিউটি বেগমের কাছে একটি দামি মোটরসাইকেলের আবদার করেন বাকিরুল্লাহ। ছেলের আবদার পূরণ করতে প্রায় আড়াই লাখ টাকা দিয়ে সেটি কিনে দেন তিনি।
বুধবার রাতে থার্টি ফার্স্ট উদ্যাপনের জন্য মোটরসাইকেল ছাড়াও বিদেশ থেকে বাবার পাঠানো মুঠোফোন এবং ৩০ হাজার টাকা নিয়ে শহরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফিরেননি।
বাকিরুল্লাহ শেখের মা বিউটি বেগম বলেন, সন্ধ্যা সাতটার দিকে ছেলের সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয় তাঁর।
এ ব্যাপারে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গাজিউর রহমান বলেন, সকালে সিলিমপুর তালুকদার এলাকার ফসলের মাঠের ইউক্যালিপটাসবাগানের মধ্যে বাকিরুল্লাহর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা পরে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোটরসাইকেল ও মুঠোফোনের জন্যই বাকিরুল্লাহর বন্ধুরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।