নববর্ষ সামনে রেখে হিজড়াদের চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ পালনের নামে হিজড়াদের চার-পাঁচটি দল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে চাঁদাবাজিতে নেমেছে। তাদের এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ ব্যবসায়ীরা।
গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদর ধানগড়া বাজারে হিজড়ারা চাঁদাবাজি শুরু করেন। বাজারের ছোট-বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠানই তাঁদের হাত থেকে রেহাই পায়নি। চাহিদা অনুযায়ী টাকা না দিলে গালিগালাজসহ নানা রকম ঝামেলা করে তাঁরা।
ধানগড়া নতুন চৌরাস্তা এলাকার ওষুধ ব্যবসায়ী জুবায়ের আলম বলেন, ‘দোকানে ঢুকেই তাঁরা টাকা চান, না দিলে উল্টাপাল্টা কথা বলেন। এ জন্য তাঁরা আসলে যত তাড়াতাড়ি পারি বিদায় করে দিই।’ জুতার দোকানি আবদুল হাদী বলেন, ‘দোকানে এসে ঝামেলা করার আগেই তাঁদের চাহিদামতো টাকা দিয়ে দিই।’ স্টার কম্পিউটার্সের মালিক শাহিনুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ নেই, কাজ বন্ধ। কিন্তু হিজড়াদের ঠিকই টাকা দিতে হয়েছে।’
বাজারে অন্য পাঁচজন ব্যবসায়ী বলেন, প্রতি মাসেই হিজড়ারা এসে টাকা নিয়ে যান। কিন্তু বিভিন্ন উৎসবে তাঁদের চাহিদার মাত্রা বেড়ে যায়। হাটবাজারে ২০-২৫ জন একসঙ্গে এসে কয়েকটি দলে বিভক্ত হয়ে চাঁদাবাজি শুরু করেন। ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করেন।
ধানগড়া হাটবাজারের ইজারাদার কামরুল ইসলাম বলেন, মাসে দু-তিনবার হিজড়ারা এসে টাকা নিয়ে যান। কিন্তু নববর্ষসহ বিভিন্ন উপলক্ষে তাঁদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়।
সিতু রানি নামের একজন হিজড়া বলেন, তাঁরা ১৭ জন সিরাজগঞ্জ রোড এলাকা থেকে ধানগড়া বাজারে টাকা তুলতে এসেছেন। সারা বছর টাকা নিয়ে পেটের জ্বালা মেটালেও এই দিনের টাকা তোলার উপলক্ষ বাংলা নববর্ষ বলে জানান তিনি। শফি নামের আরেকজন বলেন, পরিবার না থাকায় আনন্দ-উৎসবের খরচ জোগাতে তাঁদের বাজারে বাজারে ঘুরে টাকা তুলতে হয়।
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হিজড়াদের ওপর জরিপ করে তাঁদের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু হাটবাজারে যাঁরা টাকা তুলতে আসেন, তাঁদের কোনোভাবেই এই কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টিকে সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, কেউ অভিযোগ করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ বলেন, ‘হিজড়াদের মূলধারায় নিয়ে আসতে পারিবারিক, সামাজিক ও প্রশাসনিকভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।