নববর্ষে ছাত্রলীগের 'পার্কিং বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসে মোটরসাইকেল ও গাড়ি আটকে পার্কিংয়ের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বছরকে বরণ করে নিতে ক্যাম্পাসে দিনভর নানা আয়োজন ছিল। এসব আয়োজন উপভোগ করতে ক্যাম্পাসের বাইরে থেকে প্রায় ৪০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এই সুযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের সামনে মোটরসাইকেল ও গাড়ি আটকে পার্কিংয়ের নামে চাঁদাবাজি করেন।
একই সূত্রে জানা গেছে, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থিত। সেই বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্রলীগের কর্মীরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেন। তাঁরা দর্শনার্থীদের প্রতিটি মোটরসাইকেল ও গাড়ি থেকে যথাক্রমে ৩০ ও ৫০ টাকা করে আদায় করেন। চাঁদা নেওয়ার বিপরীতে তাঁরা একটি রসিদ দেন। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর দর্শনার্থীদের কাছ থেকে সেই রসিদ সংগ্রহ করে ছাত্রলীগ কর্মীরা ছিঁড়ে মাটিতে ফেলে দেন।
ছাত্রলীগ কর্মী মোস্তাক মিয়াজিকে গাড়ি আটকে রসিদ দেওয়া ও সংগ্রহের ক্ষেত্রে বেশি তৎপর দেখা গেছে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত।
ছাত্রলীগের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, রাত নয়টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি-এর সামনে আদায়কৃত ৬৪ হাজার টাকা শাখা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ কয়েজন নেতা-কর্মীর মধ্যে ভাগ হয়। ।
সাজেদুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, নেইবার নামে একটি সাংস্কৃতিক সংগঠন এই পার্কিং ব্যবস্থা পরিচালনা করেছে। এর সঙ্গে তাঁর কিংবা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সংশ্লিষ্টতা ছিল না।
ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক বলেন, নেইবার নামে একটি সাংস্কৃতিক সংগঠনকে শৃঙ্খলা রক্ষার স্বার্থে গাড়ি পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। তারাই ভালো বলতে পারবে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে জড়িত কি না।
নেইবারকে একটি ‘নামসর্বস্ব’ সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংস্কৃতিকর্মী উল্লেখ করেন। গত দুই বছরে এ সংগঠনের কোনো কার্যক্রম ক্যাম্পাসে চোখে পড়েনি বলেও তাঁরা জানান। পার্কিংয়ের সমন্বয়ের জন্য প্রক্টর বরাবরে দাখিলকৃত আবেদনপত্রে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে এম এম মিরাজের নাম পাওয়া গেছে। তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত। তবে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।