নববর্ষের সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়
ইংরেজি নববর্ষের আগে উন্মুক্ত কোনো এলাকায় আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি নববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে কোনো আতশবাজিও ছোড়া যাবে না।
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘থার্টি ফার্স্টের দিন সন্ধ্যা ছয়টার পর কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। যদি কেউ ইনডোরে কোনো অনুষ্ঠান করতে চান, তাহলে আগে থেকেই পুলিশকে জানাতে হবে। কোনো আতশবাজিও ছোড়া যাবে না।’ তিনি বলেন, ‘অতি উৎসাহী যুবকেরা আইনশৃঙ্খলা মানতে চায় না। এ কারণেই ওই রাতকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেবে পুলিশ। কূটনৈতিক জোনে নিরাপত্তা বাড়ানো হবে।’
এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারা দেশে ৬২টি গির্জায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকায় মিরপুর, কাকরাইল ও তেজগাঁওয়ের বড় তিনটি গির্জায় বিশেষ নজর রাখা হবে। সেখানে সাদাপোশাকের পুলিশ থাকবে। অনুষ্ঠান স্বচ্ছন্দ করতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’