নববিবাহিত যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়ি এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে রাসেল আহমদ (৩২) নামে নববিবাহিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

নিহত রাসেল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামে।

নিহতের ভাই সেলিম মিয়া সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিয়ে করেন রাসেল। এরপর সিলেট নগরের বাগবাড়ি নরশিংটিলা এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। আজ সকালে ওই বাসার সামনে থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।

গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর কেউ তাঁর লাশ বাসার সামনে রেখে গেছে বলে অভিযোগ করেন সেলিম।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টার দিকে রাসেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রাসেলের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ওসি সোহেল আরও বলেন, ‘প্রাথমিক আলামতে এটিকে স্পষ্ট একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এর সঙ্গে কারা সম্পৃক্ত পুলিশ সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।’