নবম শ্রেণির এক ছাত্রকে পেটালেন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা গত সোমবার নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন। ওই ছাত্রের বিরুদ্ধে ধূমপান, বহিরাগতদের বিদ্যালয় ক্যাম্পাসে আনা ও অপর এক ছাত্রকে মারধরের অভিযোগ রয়েছে।
আহত ছাত্রের নাম হামিদুল ইসলাম। নবম শ্রেণির এই ছাত্রকে অধ্যক্ষ গোলাম মাওলা বেত দিয়ে পিটিয়ে আহত করেন।
হামিদুলের মা জরিনা বেগম অভিযোগ করেন, তাঁরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চান। কিন্তু দুবার গিয়েও তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তিনি বলেন, ছেলেকে হাসপাতালে ভর্তি করাতে না হলেও প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে।
অধ্যক্ষ গোলাম মাওলা বলেন, হামিদুল বাথরুমে গিয়ে ধূমপান করছিল। অষ্টম শ্রেণির ছাত্র শাহীন রেজা সেটা দেখে হামিদুলের শ্রেণিশিক্ষককে জানায়। এটা জানতে পেরে হামিদুল বাইরে থেকে দু-তিনজন ছেলেকে বিদ্যালয়ের ভেতরে ডেকে এনে শাহীনকে পেটায়। তিনি হামিদুলকে পেটানোর কথা স্বীকার করে বলেন, ‘এইটুকু শাসন না করলে তো ছেলেরা বেপরোয়া হয়ে যাবে। তবে ধূমপানের বিষয়টি আমি প্রথমে আমলে নিইনি। পরে যখন জানলাম, হামিদুর বহিরাগত কয়েকজন ছেলেকে এনে শাহীনকে মেরেছে, তখন আর সহ্য করতে পারিনি।’
তবে হামিদুলের দাবি, সে ধূমপান করেনি, বহিরাগতদেরও ক্যাম্পাসে আনেনি। তবে শহীন তাকে মারার অভিযোগ করে থাকতে পারে।
শহীন অবশ্য অভিযোগ করে, বহিরাগত ছেলেদের নিয়ে হামিদুল ধূমপান করেছিল। তারা তাকে মেরেছেও।