নবাবগঞ্জে আদিবাসীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঢুডু সরেন (৫২) নামের এক আদিবাসীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার হিলিরডাংগা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ঢুডু সরেনের স্ত্রী ফুলমণি ও ছেলে রবি সরেন অভিযোগ করেন, খালিপপুর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে আবদুল গোফফার ও তাঁর ভাইয়েরা জাল দলিল করে তাঁদের জমি দখলের চেষ্টা করছিলেন।এতে বাধা দেওয়ায় প্রায়ই তাঁরা ঢুডু সরেনকে মেরে ফেলার হুমকি দিতেন। আবদুল গোফফার দাবি করেন, তাঁরা জাল দলিল দিয়ে ঢুডু সরেনের জমি দখলের চেষ্টা করেননি এবং তাঁকে হত্যা করার হুমকিও দেননি।

প্রত্যক্ষদর্শী কচুয়া (ডাংকামারি) গ্রামের কৃষক সোলায়মান আলী জানান, সকাল নয়টার দিকে ঢুডু সরেন হিলিরডাংগা বাজারে বাইসাইকেল মেরামত করাতে যান। সেখান থেকে ঢুডু সরেনসহ তিনি সাইকেলে বাড়ি আসছিলেন। পথে খালিপপুর গ্রামে গোফফারের বাড়ির সামনে পৌঁছালে গোফফার ও তাঁর ভাই আজাহার আলী তাঁদের গতিরোধ করেন। একপর্যায়ে গোফফার তাঁকে আটকে রাখেন ও আজাহার আলী ঢুডু সরেনকে মারতে মারতে গোফফারের বাড়িতে নিয়ে যান। এ সময় তিনি সেখান থেকে পালিয়ে বাজারে চলে আসেন। বিষয়টি জানতে পেরে কাঠ ব্যবসায়ী মোতালেব হোসেনসহ বেশ কয়েকজন বাজার থেকে ঢুডু সরেনকে রক্ষা করার জন্য গোফফারের বাড়িতে ছুটে আসেন।

মোতালেব হোসেন অভিযোগ করেন, তিনি গোফফারের বাড়িতে গিয়ে গোফফার, তাঁর ভাই আজাহারসহ ছয়-সাতজনকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে ঢুডুকে আঘাত করতে দেখেন। এ সময় তিনি (মোতালেব) কয়েকজনকে নিয়ে ঢুডুকে রক্ষা করতে গেলে তাঁদের তারা (হামলাকারীরা) ধাওয়া দেন। একপর্যায়ে বাজার থেকে আরও লোকজন ঘটনাস্থলে এলে গোফফার ও তাঁর লোকজন সেখান থেকে পালিয়ে যান।

পরে মোতালেব ও ঢুডুর ছেলে রবি মুমূর্ষু অবস্থায় তাঁকে (ঢুডু) প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎ​সাধীন অবস্থায় বেলা দুইটার দিকে ঢুডু মারা যান।

প্রতিপক্ষ আবদুল গোফফার মুঠোফোনে দাবি করেন, তাঁর বাবা গোলজার হোসেন ১৯৭১ সালে ঢুডু সরেনের দাদি নিগলো হাসদার কাছ থেকে দুই লাখ টাকা দিয়ে কচুয়া মৌজায় ১০ বিঘা জমি কিনে নেন। কিন্তু ঢুডু সরেন ২০০৭ সালে সেই জমি পুনরায় অপর একজনের কাছে বিক্রি করে দেন। গতকাল ওই জমি দখলে নিতে গেলে ঢুডু তির-ধনুক নিয়ে গোফফারদের বাধা দিতে আসেন। এরপর উভয় পক্ষের সংঘর্ষে ঢুডু মারা যান। পলাতক থাকায় গোফফারের ভাই আজাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গতকাল রাত আটটার দিকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই গোফফারের লোকজন ঢুডু সরেনকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোফফারের স্ত্রী হাওয়া বেগমকে আটক করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুডুর লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় শিগগিরই মামলা করবে ঢুডুর পরিবার।